বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৭:০৩ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৭:১০ পিএম
বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী হুমা কুরেশি। নিজের মেধা, গ্ল্যামার ও অভিনয় দিয়ে অনেক আগেই বি-টাউনে নিজের জাত চিনিয়েছেন তিনি। কাজ করেছেন বলিউডের বাঘা বাঘা সব পরিচালকদের সিনেমায়। এবার তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অভিজ্ঞতা। হলিউড মেগাস্টার নিকোল কিডম্যানের সঙ্গে একটি অনুষ্ঠানে অতিথি হবেন তিনি। বিষয়টি হুমা নিজেই জানিয়েছেন।
অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে হুমার এটাই প্রথম কাজ। তাই বেশ উচ্ছ্বসিত বলিউডকন্যা। অনুষ্ঠানের একটি ছবি হুমা তার ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেন। ছবিতে দেখা যায় তার ও নিকোলের যুগলবন্ধি। এটি আয়োজন করেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসচেতনতা বিষয়ক ব্র্যান্ড ‘সুইসেন’। ছবিটি শেয়ার করে হুমা লেখেন, 'অবশেষে ! অস্ট্রেলিয়ার ব্র্যান্ড সুইসেনের হোস্ট করা বিশ্ববিখ্যাত অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে কথোপকথনে আমি থাকছি। বিষয়টি জানতে পেরে আমি অত্যন্ত উত্তেজিত। যেখানে নারীদের একটি সুখী ও স্বাস্থ্যকর জীবনের রহস্য নিয়ে আলোচনা করা হবে। শোটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নিকোল কিডম্যান।’
এদিকে বলিউডের 'গ্যাংস অব ওয়াসিপুর'খ্যাত এ অভিনেত্রীর ২০২২ সালটি গেছে স্বপ্নের মতো। একের পর এক ব্যবসাসফল কাজ উপহার দিয়েছেন তিনি। এ বছর তার ওয়েব সিরিজ ‘মহারানী’ বক্স অফিসে ভালো ব্যবসা করে। এ ছাড়া তার ডাবল এক্সেল উইথ সোনাক্ষী সিনহা ও মোনিকা ওহ মাই ডার্লিং সবার কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
অন্যদিকে নিকোল ম্যারি কিডম্যান একজন মার্কিন ও অস্ট্রেলীয় অভিনেত্রী, প্রযোজক ও গায়িকা। চলচ্চিত্র ও টেলিভিশনে বিভিন্ন ধারার কাজে অভিনয়ের জন্য প্রসিদ্ধ তিনি। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যেও তিনি আছেন প্রথম সারিতে। একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, দুটি প্রাইমটাইম এমি পুরস্কার এবং ছয়টি গোল্ডেন গ্লোব পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা আছে তার ঝুলিতে। এবার বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে একমঞ্চে নারীদের স্বাস্থ্যসচেতনতা নিয়ে কথা বলবেন তিনি।