প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৫:০২ পিএম
ডোনাল্ড সাদারল্যান্ড
আসছে নভেম্বরে প্রকাশিত হচ্ছে ডোনাল্ড সাদারল্যান্ডের স্মৃতিকথা ‘মেড আপ, বাট স্টিল ট্রু’। বইটি নিয়ে গত কয়েক মাস ধরে চলছে নানা পরিকল্পনা-আলোচনা। তবে সেসব বাস্তবায়নের আগেই পরপারে পাড়ি জমালেন দুইবার গোল্ডেন গ্লোব জয়ী হলিউডের জনপ্রিয় এই তারকা অভিনেতা। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর। বিবিসির খবরে বলা হয়েছে, সাদারল্যান্ড দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
সাদারল্যান্ডের ছেলে অভিনেতা কিফার সাদারল্যান্ড তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে কিফার বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার বাবা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। আমি ব্যক্তিগতভাবে তাকে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিনেতাদের একজন মনে করি। ভালো, মন্দ কিংবা কুৎসিত কোনো চরিত্রই তাকে দমাতে পারেনি। তিনি নিজের কাজকে ভালোবাসতেন এবং যা ভালোবাসতেন সেসবই করতেন। এর চেয়ে মানুষ বেশি আর কীইবা চাইতে পারে। জীবনটা ভালোভাবেই কাটিয়ে গেছেন তিনি।’
ডোনাল্ড সাদারল্যান্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বিশিষ্টজনেরা। নোভা স্কটিয়া প্রদেশের ওয়েস্টভিল শহরে এক সংবাদ সম্মেলনে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথম সাক্ষাতের স্মৃতি রোমন্থন করেছেন। তিনি বলেন, ‘নিঃসন্দেহে মৃত্যুর খবর জানতে পেরে সমস্ত কানাডিয়ান মর্মাহত হয়েছেন, যেমনটা আমি হয়েছি। সত্যিকার অর্থেই তিনি কানাডার একজন মহান শিল্পী ছিলেন।’
১৯৩৫ সালের ১৭ জুলাই কানাডায় জন্মগ্রহণ করেন ডোনাল্ড সাদারল্যান্ড। রেডিওর নিউজ রিপোর্টার হিসেবে চাকরি শুরু হয়েছিল তার। ১৯৫৭ সালে কানাডা ছেড়ে লন্ডনে পাড়ি জমান তিনি। দ্য ডার্টি ডজনস, এমএএসএইচ এবং ক্লুটে সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন সাদারল্যান্ড। তিনি ১৯৭০ সালে কোরিয়ান যুদ্ধ নিয়ে নির্মিত এমএএসএইচ সিনেমায় হকিয়ে পিয়ার্সের ভূমিকায় অভিনয় করেন। তিনি দুই শতাধিক শো এবং সিনেমায় অভিনয় করেছেন। আশির দশকে ডোনাল্ড সাদারল্যান্ড অভিনীত ‘অর্ডিনারি পিপল’ চারটি করে অস্কার ও গোল্ডেন গ্লোব জিতেছে। ক্যারিয়ারে কখনও অস্কারের মনোনয়ন জোটেনি তার কপালে। তবে ২০১৭ সালে সম্মানসূচক অস্কার দেওয়া হয় গুণী এই অভিনেতাকে।