বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৪:৫২ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৫:২২ পিএম
উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার জন্মদিন আগামীকাল (১৭ নভেম্বর)। বিশেষ এ দিনটি স্মরণীয় করে রাখতে চ্যানেল আই নিয়েছে ভিন্ন ধরনের উদ্যোগ। বরেণ্য এই শিল্পীর জন্মদিনে তাকে ঘিরে তৈরি হয়েছে একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন সেরা কণ্ঠের মঞ্চ থেকে জনপ্রিয়তা পাওয়া চার শিল্পী কোনাল, তরিক মৃধা, মেজবাহ বাপ্পী ও ঝিলিক।
মঙ্গলবার (১৫ নভেম্বর) চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে রুনা লায়লার জন্য করা এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চার শিল্পী উচ্ছ্বাস নিয়ে গানটিতে অংশ নেন।
এ প্রসঙ্গে কোনাল জানান, ‘রুনা ম্যাম আমাদের জন্য যে কী তা ভাষায় প্রকাশ করতে পারব না। তার আদর, গাইডলাইনস সেই সেরাকণ্ঠ থেকে পেয়ে আসছি। তার জন্যই ভীষণ সুরেলা একটি গান করলাম। অবশ্যই গানটিতে কণ্ঠ দেওয়ার সময় বাড়তি দরদ ছিল। সেই সঙ্গে ছিল শ্রদ্ধা। এ কাজটি আমার জন্য অনেক সৌভাগ্যের। আশা করি রুনা ম্যাম ও সব শ্রোতা গানটি পছন্দ করবেন।’
তরিক মৃধা বলেন, ‘রুনা ম্যাম আমাদের দেশের গর্ব। তার জন্মদিন নতুন গানটির মাধ্যমে উদযাপন করতে পারছি এর থেকে আনন্দের আর কিছুই নেই। এই বরেণ্য শিল্পী সবার কাছে শ্রদ্ধেয়। গানটি নিয়ে ভীষণ ভালোলাগা কাজ করছে।’
এ গানটির কথা লিখেছেন হাসান পিন্টু এবং সুর-সংগীত করেন মনোয়ার হোসেন টুটুল।
জানা গেছে, আগামীকাল দুপুরে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রুনা লায়লা। অনুষ্ঠানটির প্রযোজক অনন্য রুমা জানান, রুনা লায়লা এদিন লাল গালিচায় হেঁটে চ্যানেল আইয়ে প্রবেশ করবেন। ‘তারকা কথন’ অনুষ্ঠানে গানটি প্রচার হবে। পরে চ্যানেল আইয়ের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে উন্মুক্ত করা হবে গানটি।