বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১২:১৮ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১২:৫৬ পিএম
বলিউডে তার যাত্রাটা হয়েছিল সুপারস্টার আমির খানের সঙ্গে। এক সিনেমা দিয়েই নিজের জাত চিনিয়েছিলেন। এরপর হুট করেই যেন কোথায় হারিয়ে গেলেন ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখ।
জানা গেছে, ‘এপিলেপ্সি’ রোগে আক্রান্ত এই অভিনেত্রী। বাংলায় যাকে বলা হয় ‘মৃগী’ রোগ।
ফাতিমা অনেক দিন ধরেই এই জটিল রোগের সঙ্গে যুদ্ধ করছেন। নিয়িমত চিকিৎসাও নিচ্ছেন। বিষয়টি এতদিন গোপন রাখলেও সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘আস্ক মি এনিথিং’ সেশনে যোগ দিয়ে রোগে আক্রান্ত্র হওয়ার কথা সবাইকে জানান ফাতিমা। প্রশ্নোত্তর পর্বে অভিনেত্রী তার এই রোগ নিয়ে কথাও বলেন।
অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপসে তাকে বলতে শোনা যায়, ‘আমি মৃগী রোগে আক্রান্ত। সঠিক চিকিৎসা এবং ওষুধের সাহায্যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। পুরোপুরি সুস্থ হয়ে আবারও যেন কাজে ফিরতে পারি।’
এরপর তিনি আরও বলেন, ‘এখন মোটামুটি সব কাজই করতে পারি। যা কিছুদন আগেও পারতাম না। একটা সময় বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছি। সেই সময়টাতে মনে হয়েছিল আমার সবকিছু শেষ হয়ে গেছে।
তবে আমি ভাগ্যবান, যাদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, তাদের সঙ্গে কাজ করে ফেলেছি। তাই কখনও আমার ক্যারিয়ারে এই রোগ বাধা হয়ে দাঁড়ায়নি। এই কঠিন পরিস্থিতিগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।’
বলিউডে ফাতিমা সানা শেখের অভিষেক হয় শাহরুখ খানের সঙ্গে। ‘ওয়ান টু কা ফোর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন তিনি। এরপর ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হয়ে পা রাখেন তিনি। সেই সাফল্যের পর ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় কাজ করেন আমিরের বিপরীতে। এরপর এই দুই তারকার প্রেমের গুঞ্জন নিয়ে বি-টাউনে কম জল ঘোলা হয়নি।