প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১০:০৪ এএম
আবদুন নূর সজল ও সারিকা সাবরিন।
প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ দিনে প্রচারিত হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এবার কোরবানির ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে পাঁচফোড়নের বিশেষ পর্ব। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে এবারের পর্ব। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও সারিকা সাবরিন।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচফোড়নে এবার গান থাকছে তিনটি। তিনটিই প্রেমের গান এবং গেয়েছেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পীরা। এর মধ্যে একটি গেয়েছেন কণ্ঠশিল্পী রাজিব। গানটির কথা লিখেছেন লুৎফর হাসান, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটিতে তার সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন মডেল মোনালিসা দীপা। উত্তরা ও আশুলিয়ার বেশ কয়েকটি মনোরম লোকেশনে গানটি ধারণ করা হয়।
আরেকটি গান গেয়েছেন এই প্রজন্মের তরুণ গায়িকা সানিয়া সুলতানা লিজা। গানটির কথা লেখার পাশাপাশি সুরও করেছেন গীতিকার কবির বকুল। বেশ কিছুদিন বিরতির পর লিজা পাঁচফোড়নের মাধ্যমে আবারও পর্দায় এলেন।
এ ছাড়া ‘তোমার ইচ্ছে আমার ইচ্ছে, মিলছে এখন খুবই’ শিরোনামে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের শিল্পী অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত অয়ন চাকলাদারের। রয়েছে ‘জাদুকর ম্যাজিক রাজিকের পরিবেশনায় একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক জাদু। পেশায় প্রকৌশলী ও আইটি বিষয়ে গ্র্যাজুয়েট রাজিক দীর্ঘদিন বিদেশি টেলিভিশনে জাদু প্রদর্শন করার পর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের কোনো টেলিভিশন পর্দায় প্রথম জাদু দেখান। শহর কিংবা গ্রামে সকাল-সন্ধ্যার আড্ডায় সব শ্রেণির মানুষের অন্যতম অনুষঙ্গ হচ্ছে চা। তবে সেই চায়ের নেশা যদি গরুর পেয়ে বসে, তাহলে কেমন হয়! চুয়াডাঙ্গা সদর উপজেলার তেমনি একটি ‘চাখোর’ গরুর ওপর এবারের পাঁচফোড়নে রয়েছে একটি বিস্ময়কর প্রতিবেদন। প্রতিবেদনটি আরও দেখানো হয়েছে দেশ-বিদেশের কিছু বিস্ময়কর গরু, ছাগল ও ভেড়ার আশ্চর্য কিছু কর্মকাণ্ড। ঢাকার বিভিন্ন বাড়ির ছাদে এত দিন দেখা যেত ফুল, ফল ও শাকসবজির বাগান। তবে আজকাল অনেক ছাদে গরুও দেখা যায়। ঢাকা শহরে গড়ে ওঠা এমন কিছু গরুর খামারের ওপর এবারের পাঁচফোড়নে রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন।
পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয়, তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ থাকে। এবারও কোরবানি ঈদের ওপর রয়েছে বেশকটি নাট্যাংশ। পাঁচফোড়নের বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, বড়দা মিঠু, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, শাহেদ আলী, জাহিদ শিকদার, ইকবাল হোসেন, সুজাত শিমুল, বিলু বড়ুয়া, নজরুল ইসলাম, সুবর্ণা মজুমদার, শামীম আহমেদ, সাবরিনা নিসাসহ অনেকে।
পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায়।