প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৪ ২২:২২ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪ ২২:৩৯ পিএম
আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি ‘ওপেনহাইমার’ সিনেমায় অভিনয় করে অস্কার জিতেছেন গতবার। তবে দর্শকদের মন তিনি জিতেছিলেন ওয়েব সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এ গ্যাংস্টার টমি শেলবির চরিত্রে অভিনয় করে। শিগগিরই কিলিয়ানকে আবারও দেখা যাবে টমি শেলবির ভূমিকায়।
এটি হতে যাচ্ছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ চলচ্চিত্র। পরিচালনা করছেন টম হারপর। সামাজিক মাধ্যম এক্সে গত মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে নেটফ্লিক্স।
মোট ছয়টি সিজনে ২০১৩-২২ সাল পর্যন্ত বিবিসিতে প্রচার হয়েছিল পিকি ব্লাইন্ডার্স। এতে উঠে এসেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইংল্যান্ডের বার্মিংহাম শহরের কল্পিত এক গ্যাংস্টারের জীবনকাহিনী। গল্পটি লিখেছিলেন স্টিভেন নাইট। সিরিজটির সব সিজনেই নজর কেড়েছিলেন কিলিয়ান মার্ফি।