প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৪ ১৩:৩৩ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪ ১৪:০৬ পিএম
কুমিল্লা অঞ্চল থেকে মেধা অন্বেষণের মাধ্যমে অভিনয় শিল্পী নির্বাচিত করেছেন নির্মাতা দীপংকর দীপন
কুমিল্লার ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি শান্তি-সুনীতি এবং ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রহ্মকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘ছাত্রী সংঘ’। এটি নির্মাণ করছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। ছবিটির জন্য কুমিল্লা অঞ্চল থেকে মেধা অন্বেষণের মাধ্যমে অভিনয় শিল্পী নির্বাচিত করেছেন তিনি।
কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)-এর পরিকল্পনা ও অনুপ্রেরণায় রজত ফিল্মস নির্মাণ করছে ঐতিহাসিক থ্রিলার ‘ছাত্রী সংঘ’। এই সিনেমার মাধ্যমে কুমিল্লার মেধাবী অভিনয় শিল্পীরা যেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরি করতে পারে সে অভিপ্রায়ে রজত ফিল্মস ১১-১৩ মার্চে প্রাথমিক বাছাই এবং ১৭-১৯ মে স্ক্রিন অভিনয়ের প্রস্তুতি বিষয়ে একটি স্বল্পমেয়াদি কোর্সের আয়োজন করে। এ প্রশিক্ষণে তাত্ত্বিকজ্ঞানের পাশাপাশি পেশাদার শুটিং ও সম্পাদনার মাধ্যমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এ আয়োজনের চূড়ান্ত পর্ব রবিবার (০৯ জুন) সন্ধ্যায় কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণকারীদের দ্বারা চিত্রায়িত দৃশ্য প্রদর্শন পূর্বক ফলাফল ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে ছাত্রী সংঘের পরিচালক দীপংকর দীপন এ সিনেমা ও মেধা অন্বেষণ কাক্রমের উদ্দেশ্য ও কর্মপদ্ধতি বর্ণনা করে। তিনটি ক্যাটাগরিতে এ মেধা অন্বেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
অনুষ্ঠানে এ তিনটি ক্যাটাগরিতে মোট ২০ জনকে ছাত্রী সংঘ সিনেমার বিভিন্ন চরিত্রের জন্য নির্বাচিত করা হয়। এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘যেহেতু কুমিল্লার ঐতিহাসিক ঘটনা নিয়ে ‘ছাত্রী সংঘ’ সিনেমাটি তৈরি হচ্ছে তাই আমরা চাই—এই সিনেমা কুমিল্লায় হোক কুমিল্লার অভিনয় শিল্পীদের কাছে তাদের স্বপ্ন পূরণের মাধ্যম। তাই আমরা আয়োজন করেছি TALENT HUNT এর। শুধু আমরা অডিশন নিয়ে ক্ষান্ত থাকিনি। আমরা SHORT COURSE ON SCREEN ACTING এর মাধ্যমে তাদের প্রস্তুত করে চূড়ান্ত বাছাই প্রক্রিয়াটি করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা কুমিল্লার অভিনয় শিল্পীদের পর্দার অভিনয়ের জন্য প্রস্তুত করা এবং তারকা শিল্পীদের সঙ্গে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্টকরা। সেপ্টেম্বরে শুরু হবে এই সিনেমার চিত্রগ্রহণ। এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রী সংঘের মূল তারকা শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।’