বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১৬:২৯ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ০০:৩৮ এএম
বাংলাদেশের অন্যতম মেধাবী নির্মাতা চন্দন রায় চৌধুরী। এবার ভারতের জনপ্রিয় মিউজিক কোম্পানি জি মিউজিকের জন্য মিউজিক ভিডিও বানালেন তিনি। পুরোপুরি হিন্দি গাননির্ভর এ মিউজিক ভিডিওটি চলতি সপ্তাহেই জি মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানিয়েছেন নির্মাতা চন্দন।
নতুন এ মিউজিক ভিডিওর গানটি গেয়েছেন কলকাতার রাজ বর্মণ। কম্পোজিশন করেন নাসিম অর্জুন ওয়াহিদ এবং গানটি লিখেছেন আরাফাত মেহমুদ। সহকারি পরিচালক ছিলেন সরোয়ার রানা। মডেল ছিলেন মুম্বাইয়ের অনিমা কেশপ। গানটির টাইটেল ‘তুম আও দোবারা’। কাশ্মিরের নয়নাভিরাম লোকেশনে গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
করোনাকালীন কলকাতায় আটকে পড়েছিলেন চন্দন রায় চৌধুরী। তখন রাজ বর্মণের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়। সেখানে থাকালে এ শিল্পীর কয়েকটি গান ভিডিও তৈরি করেছিলেন চন্দন। তিনি বলেন, তখন হ্যান্ডিক্যামেরা ও মোবাইলে বানানো একটি গানের ভিডিও প্রায় ৫৮ মিলিয়ন ভিউ ছাড়ায়।
জি মিউজিকের কাজ প্রসঙ্গে চন্দন বলেন, ‘রাজ বর্মণ জি মিউজিকের সঙ্গে কাজ করছে। তারা আমার কাজগুলো দেখে ইমপ্রেসড হয়। এরপর জি মিউজিক থেকে আমাকে এ কাজের অফার দেওয়া হয়। দিল্লি ও মুম্বাই থেকে ক্রু নিয়ে কাজ করেছি। তারা টেকনিক্যালি অনেক উন্নত। কালার ও টিউন দেখে ও কোয়ালিটি মেনে কাজ হয়েছে। গানের গল্পের সঙ্গে মিলিয়ে ভিডিও তৈরি করেছি। এখানে কাশ্মিরের সৌন্দর্য দেখানো উদ্দেশ্য, এমনটা নয়।’
প্রসঙ্গত, বাংলাদেশের বহু জনপ্রিয় মিউজিক ভিডিও তৈরি হয়েছে এ নির্মাতার হাতে। বিশেষ করে বড় একা লাগে, আরাধনা, ধোঁয়া, ফিরে আসো না, এ জীবনে যাকে চেয়েছি’র মতো জনপ্রিয় গানের মিউজিক ভিডিও নির্মাতা তিনি।