বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১৬:২৬ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১৮:১৭ পিএম
রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘দামাল’। দেশ মাতিয়ে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বিদেশেও। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি পাবে এ ছবি। এ খবর আগেই জানা গিয়েছিল। এবার নির্মাতা জানালেন অস্ট্রেলিয়ায় ‘দামাল’ মুক্তির খবর।
আসছে শুক্রবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার ৭টি শহরে মুক্তি পেতে যাচ্ছে ‘দামাল’। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এমনটাই জানা গেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘দামাল’ পরিবেশনায় আছে দেশি ইভেন্টস এবং পথ প্রোডাকশনস।
এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। দেশি ইভেন্টসের ওয়েবসাইট DeshiEvents.com.au থেকে দর্শক ‘দামাল’-এর টিকিট কিনতে পারছেন।
গত ২৮ অক্টোবর বাংলাদেশে মুক্তি পেয়েছে সিনেমা ‘দামাল’। ছবিটি মুক্তির পর দর্শকের প্রশংসা কুড়িয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’। ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, সামিয়া অথৈ, ইন্তেখাব দিনার প্রমুখ।