প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৬:৫৪ পিএম
নোরা ফাতেহি
স্রেফ আইটেম গানে কোমর দুলিয়ে কোটি দর্শকের মন মাতিয়েছেন নোরা ফাতেহি। গত কয়েক বছর ধরে অভিনয়েও হাত পাকানোর প্রচেষ্টা শুরু হয়েছে তার। এ বছর তার অভিনীত একটি চলচ্চিত্রও মুক্তি পেয়েছে। সেসব নিয়ে যতটা না হইচই নোরার আইটেম গান নিয়ে ভক্তদের আগ্রহ তার চেয়ে অনেক বেশি। সেই আগ্রহ মেটাতে আসছে নোরা ফাতেহির নতুন আইটেম গান। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘সত্যমে জয়তে’ সিনেমায় নোরার ‘দিলবার’ আইটেম গানটি আলোড়ন তুলছিল। এবার নাকি সেই গানের নতুন সংস্করণ নিয়ে হাজির হচ্ছেন তিনি। এবার গানের শিরোনাম শোনা যাচ্ছে দেওয়া হয়েছে ‘দিলবার ২.০’।
ভারতের গণমাধ্যম বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে ওই গানের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির বয়ানে কিছু তথ্য প্রকাশ করেছে। ওই ব্যক্তি জানিয়েছেন, এরই মধ্যে গানটির শুটিং শুরু করেছেন নোরা। তবে গানের শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে এটি দিলবার গানের নতুন সংস্করণ। শুটিংয়ে নোনার সঙ্গে জনপ্রিয় র্যাপার রাফতার ও সুখীও অংশ নিয়েছে। তবে গানটি কোনো সিনেমায় নয়, স্বতন্ত্র মিউজিক ভিডিও হিসেবে প্রকাশ করা হবে।
দিলবার গানটি অবশ্য নতুন নয়। এটি প্রথম ব্যবহৃত হয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘সির্ফ তুম’ সিনেমায়। ওই গানে পারফর্ম করে আলোড়ন তুলেছিলেন বলিউড তারকা সুস্মিতা সেন। পরে গানটিকে নতুন করে ব্যবহার করা হয় ‘সত্যমে জয়তে’ সিনেমায়।
এদিকে কাজকর্মের চেয়ে নোরা ফাতেহিকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার ব্যবহৃত একটি হাতব্যাগ নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্টুডিও থেকে একটি ব্যাগ হাতে বের হচ্ছে নোরা। এ নিয়ে এত আলোচনার কারণ ব্যাগটির দাম নাকি ৪০ লাখ টাকারও বেশি। ভারতের বিভিন্ন গণমাধ্যমে তথ্য অনুযায়ী, নোরার ব্যাগটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড হার্মিস। ওয়েবসাইটে ব্যাগটির মূল্য উল্লেখ করা নেই। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার ব্যাগ নিয়ে চলছে নানামুখী চর্চা।