চট্টগ্রাম শিল্পকলা একাডেমি নির্বাচন
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৬:৫১ পিএম
জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ শনিবার। নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী। এ নির্বাচনে ৬২৪ জন সদস্য ভোট দেবেন। ভোটগ্রহণের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে তিনটি বুথ, এজেন্টদের কার্ড বিতরণসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদ। সভাপতির দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান। সহসভাপতির দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অঞ্চল কুমার চৌধুরী, এসকেএস মাহমুদ, তাপস শেখর ও দীপেন কান্তি চৌধুরী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাইফুল আলম বাবু। যুগ্ম সাধারণ সম্পাদকের দুই পদের ছয় প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন তাহের, কঙ্কন দাশ, কমল দাশ, মো. জামশেদ উদ্দীন, মো. শহিদুল করিম চৌধুরী নিন্টু ও মুহাম্মদ সাজ্জাত হোসেন।
কার্যকরী সদস্যের তিনটি পদে ১০ প্রতিদ্বন্দ্বী হলেনÑ আশিকুর রহমান, বাপ্পা চৌধুরী, বিশ্বজিৎ পাল, মো. আকরাম হোসেন (বাপ্পী আলমগীর), মোহাম্মদ আলী (আলী প্রয়াস), সেলিম রেজা সাগর, মো. হানিফ খন্দকার, রুবেল দাশ প্রিন্স, রহিমা খাতুন লুনা ও সামশুল হায়দার তুষার।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন সিকদার বলেন, ‘জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক সার্বক্ষণিক মনিটরিং করছেন। দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।’
২০১৮ সালের ২১ জুলাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করে ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়। গত ২ মে জেলা ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের আগে নতুন সদস্য নবায়ন, ভোটার তালিকা থেকে বেশ কিছু ভোটারের নাম বাতিল করার পর ব্যাপক বিতর্ক দেখা দেয়। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ১১২ জন সদস্য থেকে ৫১ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।