প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১২:৪০ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪ ১২:৪৫ পিএম
সাজু-চমক দম্পতি নাচছেন নিজেদের বিয়ের আসরে। ছবি : সংগৃহীত
ঈদে এবার নতুন চমক দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলায়। এতে দেখা যাবে অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেম বিয়ে করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে! তাদের বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হয়ে নাচে-গানে-আড্ডায় মেতে উঠবেন শোবিজের একঝাঁক জনপ্রিয় মুখ। আর পুরো এ আয়োজনটাই দেখানো হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর এবারের ঈদুল আজহার আনন্দ মেলায়। যেখানে নবদম্পতি হিসেবে উপস্থাপনা করছেন সাজু খাদেম ও রুকাইয়া জাহান চমক।
এবারের আয়োজনে থাকছে ভিন্নতা। বিয়েবাড়ির আদলে সেট নির্মাণ করে শুটিং করা হয়েছে। আনন্দ মেলায় দেখা যাবে পলাশ ও ইভানা আসেন সাজু খাদেমের বিয়েতে। এসে তারা খুনসুটি ও আড্ডায় মেতে ওঠেন। এরপর খলনায়ক মিশা সওদাগরের উপস্থিতি সবাইকে ভীত করে তোলে! দর্শকের সঙ্গে নাটিকাতেও অংশ নেন তিনি। মোটিভেশনাল স্পিকার সোলাইমান সুখন এবং কনটেন্ট ক্রিয়েটর ডানা নতুন দম্পতিকে শুভেচ্ছা জানান এবং সোলাইমান সুখন তাদের সুখী দাম্পত্যের ফর্মুলা শেখান। মো. মাহফুজার রহমান, মাছুদ এ হাসান ও মো. হাসান রিয়াদের প্রযোজনায় আনন্দ মেলা বিটিভিতে প্রচার হবে ঈদুল আজহার দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।