প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৪:৪৭ পিএম
অভিনেত্রীদের প্রায়ই শারীরিক হেনস্থার শিকার হতে হয়। সেটা কেবল পুরুষ নয়, নারীদের কাছ থেকেও নানাভাবে অপদস্ত হন অনেক অভিনেত্রী। এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সানজিদা শেখ তার একটি অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান নাইটক্লাবে এক নারী তার সঙ্গে অসভ্য আচরণ করেছিলেন।
হটারফ্লাইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী সানজিদা ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় তিনি বিস্মিত এবং রীতিমতো মর্মাহত।
নারীদের শারীরিক হেনস্থা নিয়ে কথা বলতে গিয়ে সানজিদা বলেন, ‘আমার একটা ঘটনা খুব অস্পষ্টভাবে মনে আছে কিন্তু সেটা এক নারী আমার সঙ্গে করেছিলেন। আমি একটি নাইটক্লাবে ছিলাম। নাইটক্লাবে ছিলেন ওই নারীও। আমার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎ করেই আমার স্তন স্পর্শ করে, তারপর চলে যান। এই ঘটনায় আমি অবাক হয়ে যাই।
এমনটাও ঘটতে পারে? আসলে বিষয়টা আমার কাছে অকল্পনীয় ছিল। আমরা শুনেছি যে পুরুষরা বহু ক্ষেত্রে নারীদের সঙ্গে খারাপ আচরণ করেন। কিন্তু মেয়েরাও যে এরকম করে তা আমার কাছে অবিশ্বাস্য ছিল।’
তিনি আরও বলেন, ‘যদি কেউ ভুল করেন সেটা ভুলই হয়। সে নারী হোক বা পুরুষ, এর সঙ্গে আসলে নারী পুরুষের কোনো সম্পর্ক নেই। যা ভুল তা ভুলই। যদি কোনো নারী আপনার সঙ্গে অন্যায় করে থাকেন তবে তাকেও বলা উচিত।’
প্রসঙ্গত, সানজিদা শেখ বর্তমানে সঞ্জয় লীলা বানসালীর সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অভিনয়ের জন্য সংবাদের শিরোনামে রয়েছেন। এই সিরিজে তাকে ওয়াহিদার চরিত্রে দেখা গেছে। তার অনবদ্য অভিনয় মন ছুঁয়েছে দর্শকের। অনেক প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
তবে কেবল ‘হীরামান্ডি’-ই নয়, আরও একটি কারণে বর্তমানে চর্চায় নায়িকা। সম্প্রতি আমির আলীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে এত ঝড়ঝাপটা সামলানোর পরও অভিনেত্রী নিজের কাজ করে চলেছেন। একা হাতে সামলাচ্ছেন তার সংসার ও একমাত্র সন্তান মেয়েকে।