× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক যুগ পর পরিচালনায় ফাল্গুনী হামিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৪:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শিল্প সংস্কৃতির সঙ্গে যাদের ওঠাবসা, নিত্য পথচলা; তারা হয়তো খুব বেশি দিন অভিমান করে দূরে থাকতে পারেন না। নিজের মনের গভীর থেকে টান অনুভব করে নিজের দায়িত্বশীলতার জায়গা থেকেই হয়তো একটা সময় সব অভিমান ভুলে সংস্কৃতির কল্যাণে ফিরে আসেন বারবার।

তেমনি ফিরে এলেন দেশের গুণী অভিনেত্রী ও নির্মাতা ফাল্গুনী হামিদ। এক যুগের অভিমান শেষে দীপ্ত টিভির আহ্বানেই তিনি পরিচালনা করেছেন একটি নাটক। গেল ১ জুন থেকে তিনি আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মাণ করছেন ঈদের বিশেষ নাটক ‘আমাতে অস্পষ্ট তুমি’। নাটকটি রচনা করেছেন আখতারুজ্জামান ও ফাল্গনী হামিদ।

এতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফাল্গুনী হামিদেরই মেয়ে তনিমা হামিদ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মিলি বাশার, শফিক খান দিলু, জাহিদ হাসান, আহসান হাবিব নাসিম প্রমুখ।

দীর্ঘদিন পর নাটকে ফেরা প্রসঙ্গে ফাল্গুনী হামিদ বলেন, ‘একটু একটু করে দীর্ঘদিনে যেভাবে আমার ক্ষেত্রটা অভিনয়ে এবং নির্মাণে তৈরি হয়েছিল, একটা সময় এসে দেখলাম যে, আমি আমার মতো করে কাজ করতে পারছি না। মাঝে কিছুদিন অসুস্থও ছিলাম। আবার লেখালেখি নিয়েও ব্যস্ত ছিলাম, ব্যবসা নিয়েও ব্যস্ততা ছিল। সে কারণে অভিনয় ও নির্মাণের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। একটা সময় ভাবলাম, এটা তো আমার নিজস্ব জগৎ। এখানে আমার কাজ করা উচিত। ভাবনার এই সময়টায় দীপ্ত টিভিকে পেলাম দারুণ আন্তরিকতায়। তাই তাদের সঙ্গেই কাজটা করা হলো।’

নাটকটি নিয়ে তিনি বলেন, ‘একটা পারিবারিক আবহে রোমান্টিক গল্পের নাটক তৈরির চেষ্টা করেছি। ভিউয়ের চিন্তা থেকে নয়, ভালো লাগা ও উপভোগের জায়গা থেকে এই গল্পটি আমি বাছাই করেছি। আমার ধারণা, নাটকটি দর্শকের মনে দাগ কাটবে। এখানে খুব ভালো শিল্পীরা কাজ করেছেন। তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় বড় শিল্পী।’

তনিমা হামিদকে বাছাই করা প্রসঙ্গে ফাল্গুনী বলেন, ‘তনিমা ভালো অভিনয় করে। সে তা প্রমাণ করেছে বহু আগেই। চরিত্রের সঙ্গে ওকে মানায়। তাই ওকেই নিয়েছি। খুব ভালো কাজ করেছে সে। ওরও নিয়মিত কাজ করা উচিত বলে মনে করি আমি। সেও তো আসলে তার মতো ব্যস্ত থাকে। তবে আমার মনে হয়, দর্শক তনিমার অভিনয় মিস করে।’

মায়ের নাটকে অভিনয় করা প্রসঙ্গে তনিমা হামিদ বলেন, ‘আমি মাকে তিনজন অভিনেত্রীর নাম দিয়ে বলেছিলাম, মা এই তিনজন থেকে যেকোনো একজনকে নিয়ে তুমি কাজটি করতে পারো। কিন্তু মায়ের একটাই কথাÑ ‘আমি দীপ্ত টিভিকে কথা দিয়েছি, তোমাকেই কাজ করতে হবে।’ তাই আমার আর পালিয়ে যাওয়া হলো না। তবে হ্যাঁ, মায়ের নির্দেশনাতে কাজ করতে ভীষণ ভালো লাগে। মা ভীষণ চুজি কাজের ক্ষেত্রে। আর পারফেকশনটাকে খুব গুরুত্ব দেন। তাই মেয়ে বলে এখানে আলাদা কোনো ছাড় ছিল না। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে অভিনয় করতে এসে কিছুটা নার্ভাস ছিলাম আমি। জাহিদ ভাই এবং মা ভীষণ সহযোগিতা করেছেন। আমার মনে হচ্ছে, নাটকটি ভালো লাগবে সবার।’

ফাল্গুনী হামিদ পরিচালিত প্রথম নাটক ছিল ‘একটুকু ছোঁয়া লাগে’। তার রচিত ‘কে আবার বাজায় বাঁশি’ নাটক দিয়ে প্রথম অভিনয় করেন তনিমা। ঈদ আয়োজনের ভিড়ে মা ও মেয়ের এক হয়ে তৈরি ‘আমাতে অস্পষ্ট তুমি’ নাটকটি সবার নজর কাড়বে, প্রত্যাশা করাই যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা