প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৪ ১১:৩৬ এএম
কোয়েল মল্লিক
তার পারিবারিক নাম রুক্মিণী। সিনেমার দুনিয়ায় পা রাখার আগে নিজের নাম বদলে ফেলেন। মাত্র ২১ বছর বয়সে সুপারস্টার জিতের বিপরীতে ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে কোয়েল মল্লিক নাম নিয়ে পর্দায় অভিষেক। রঞ্জিতকন্যা হিসেবে নয়, ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন অভিনেত্রী। সে পরিচয়েই পরিচিত করেছেন নিজেকে। নিজের ক্যারিয়ারে দেব, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তীদের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। রোমান্টিক ছবি হোক কিংবা থ্রিলার- পর্দায় সমান দাপট দেখিয়েছেন তিনি।
-6658103a03cef.jpg)
টলিউডের পাশাপাশি বলিউডেও বিগ বাজেটের সিনেমার অফার পেয়েছিলেন এ অভিনেত্রী। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় কঙ্গনা রানাউতের। যে ছবির প্রথম প্রস্তাব পেয়েছিলে রঞ্জিতকন্যা। কিন্তু সে সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল। কারণ অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি ছিল তার।
বাংলা সিনেমাতেই পছন্দের গল্প ও চরিত্রে কাজ করে যাচ্ছেন নিজের মতো করে। ওপার বাংলার বড়পর্দার জনপ্রিয় এ অভিনেত্রীকে এবার দেখা গেল একটু ভিন্ন পর্দায়। সম্প্রতি একটি টেলিভিশন সিরিয়ালের প্রোমোয় দেখা গেছে এ অভিনেত্রীকে। তবে কি এবার সিনেমা ছেড়ে সিরিয়ালে অভিনয় করবেন এ নায়িকা?
এর আগে টালিগঞ্জের বহু অভিনেতা-অভিনেত্রীই বড়পর্দা থেকে সরে এসে ছোটপর্দায় কাজ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দামেরাও ব্যতিক্রম নন; অভিনয় করেছেন ছোটপর্দায়। এবার নিশ্চয়ই বাংলা সিরিয়ালে কোয়েলকে দেখা যাবে, এমনটি ধরে নিয়েছেন অনেকে। আবার কেউ কেউ মনে করছেন কোয়েলের মতো একজন তারকাকে দিয়ে ওই সিরিয়ালটির প্রচারের কাজ চালানো হচ্ছে।
মূলত বঁধুয়া নামে একটি বাংলা সিরিয়ালের প্রমোশনাল ভিডিওতে কোয়েল মল্লিককে দেখা গেছে। তাতে দেখা যায়, নায়কের চরিত্রে আবির সারাক্ষণই সমর্থন করে চলেছেন নায়িকা পেখমকে। খলনায়কের হাতে ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন নায়িকা। ফলে নায়ককে নিজের শরীর স্পর্শ করতে দিতে চাইতেন না নায়িকা। সত্যিটা জানতে পেরে নায়িকার পাশে এসে দাঁড়ান নায়ক। এমন সময় হাজির হতে দেখা যায় কোয়েলকে। নায়িকা পেখমকে এসে অভিনন্দন জানিয়ে কোয়েল বলেছেন, ‘এভাবেই রুখে দাঁড়াতে হয়।’ এ সময় পেখমের স্বামীকে পাশে থাকার জন্য অভিনন্দন জানান কোয়েল।
ভারতীয় গণমাধ্যমের খবর, শুধু প্রমোশনের জন্যই কোয়েলের এ আগমন। বিষয়টি পুরোটাই প্রচার, তবে স্থায়ীভাবে ওই সিরিয়ালে অভিনয় করবেন না তিনি। বঁধুয়া নামের ওই ধারাবাহিকে দেখানো হচ্ছে চাইল্ড অ্যাবিউজ। অর্থাৎ শিশু নির্যাতনের কাহিনী।