বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ১৫:৩২ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৬:০২ পিএম
দক্ষিণি ছবির সুপারস্টার রামচরণ। ‘আরআরআর’ ছবির সাফল্য দিয়ে তিনি এখন আন্তর্জাতিক তারকা। দেশের গণ্ডি পেরিয়ে তার ছবিটি চলছে বিদেশের সিনেমা হলেও। সম্প্রতি শোনা গেছে আরও কিছু বিগ বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
এবার শোনা যাচ্ছে বাংলা সিনেমায় অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন রামচরণ। সাম্প্রতিক সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে রামচরণ এই গুঞ্জন উস্কে দিয়েছেন। সেখানে ভারতীয় সিনেমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এই তারকা। সঙ্গে ছিলেন অক্ষয় কুমারও।
সেই মঞ্চেই তিনি জানান বাংলা সিনেমার প্রতি তার ভালোলাগার কথা। রামচরণ বলেন, ‘প্রত্যেক অভিনেতাই চান নিজের দেশের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করতে। আমিও চাই। উত্তর ও দক্ষিণ বলে আলাদা করে আর কোনো বিভাজন নেই এখন। আমরা ধীরে ধীরে সামগ্রিকভাবে একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছি।’
এসব কারণেই অন্যান্য ভাষার সিনেমায় কাজ করতে চান রামচরণ। ঠিক যেমন করেছেন তাদের পূর্বসূরি রজনীকান্ত, কমল হাসানরা।
রামচরণ বলেন, ‘আমি গুজরাটি ভাষায় কাজ করতে চাই। এ ছাড়াও বাংলা ভাষার ছবি নিয়ে ধারণা রয়েছে। বাংলা ছবিতে কাজ করতে চাই। যদি কোনো পরিচালক আমার কথা ভাবেন, তাহলে বাংলা ছবিতে কাজ করতে আমার কোনো আপত্তি নেই।’
করোনার পর বেশ কয়েকটি হিন্দি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই সুযোগ কাজে লাগাচ্ছে দক্ষিণি ছবি। ‘পুষ্পা’ ছবির হাত ধরে সারা দেশে দক্ষিণি ছবিগুলোকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা ক্রমশ বেড়েই চলেছে। ইতোমধ্যে ‘আরআরআর’, ‘কেজিএফ ২', ‘কান্তারা’—সব ক’টি ছবিই বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছে।