প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১১:৪৭ এএম
মন দুয়ারীতে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান ও নন্দিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
আগামী ঈদে প্রচারের জন্য এরই মধ্যে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ফিকশন ‘মন দুয়ারী’। এতে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান ও নন্দিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফিকশনটিতে অপূর্বর দাদির চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। গতকাল সকালে দিলারা জামানের সঙ্গে মুঠোফোনে কথা হলে বলেন, ‘এখন আমার বয়স ৮২। এ বয়সেও যে কাজ করছি সেটাই তো আসলে অনেক। মন দুয়ারী ফিকশনটিতে কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। তবে নির্মাতাদের বলব, আমার বয়সটার দিকে খেয়াল রেখে আমাকে দিয়ে কাজ করানো উচিত। কারণ অন্যদের মতো আমি রাত জেগে কাজ করতে পারি না, অনেক কষ্ট হয়। এ কষ্টটা এ বয়সে সহ্য করা বা মেনে নেওয়া অনেক কঠিন।’
নতুন নাটকটি নিয়ে তিনি বলেন, ‘এ নাটকে অপূর্ব আমার নাতির চরিত্রে অভিনয় করেছে। সত্যি বলতে কি, অপূর্ব এখন একজন পরিণত অভিনেতা। এক কথায় চমৎকার অভিনয় করে। ফিকশনের গল্পটা এমন যে বিদেশ থেকে অপূর্ব দেশে আসে ওয়ারিশ বুঝে নিতে। একটা সময় অপূর্ব বিদেশে ফেরত যেতে চায়। কিন্তু শেষ পর্যন্ত পারে না। জাকারিয়া সৌখিন অনেক যত্ন নিয়ে কাজটি নির্মাণ করেছে। আশা করি এ কাজটি সবার ভালো লাগবে।’
জাকারিয়া সৌখিনের পরিচালনায় সর্বশেষ অপূর্ব অভিনীত আলোচিত নাটক হলো ‘পথে হলো দেরি’। এতে তার বিপরীতে ছিলেন তটিনী। এদিকে ১৩ জুন হৈচৈ ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পেতে যাচ্ছে অপূর্ব অভিনীত শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এরই মধ্যে এ ওয়েব সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহের সৃষ্টি হয়েছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে অপূর্ব অভিনীত এ ওয়েব সিরিজের জন্য।