প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১০:৫০ এএম
আফসানা মিমি।
দেশবরেণ্য অভিনেত্রী আফসানা মিমি। তার অভিনীত বহু নাটক দর্শকের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। তার কিছু চরিত্র এখনও আলোচ্য। তবে নির্মাণেও রয়েছে তার দক্ষতা। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ করতে দেখা গেছে তাকে। সেই ধারাবাহিকতায় দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য এবার তিনি নির্মাণ করলেন একটি ওয়েব ফিল্ম।
এরই মধ্যে এসেছে ট্রেলার। ওয়েব ফিল্মের নাম ‘অব দ্য মার্ক’। পারিপার্শ্বিক বাধা অতিক্রম করে ছোট শহরের একজন কিশোরের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে এটি নির্মাণ করেছেন আফসানা মিমি।
দেড় মিনিটের ট্রেলারে কী আছে? দীপু নামে একটি ছেলের ক্রিকেটার হয়ে ওঠার গল্প ফুটে উঠেছে ট্রেলারে। যে ছেলেটা পৃথিবীর বুকে দেশের পতাকা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার এত দূর আসার পথটা যে মসৃণ ছিল না তা দেখানো হয়েছে ট্রেলারে। বাবার অমত, মায়ের সমর্থন, কিছু মানুষের অনুপ্রেরণায় এগিয়ে চলে সে। পথে আসে নানা বাধা। তবু থেকে যায় না দীপু।
অব দ্য মার্ক ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আরহাম, মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমী, আরিবা, শমো, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম, আবু তাহের, ওয়াহিদ মুরাদ ও সৌম্য জ্যোতি।
ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত গ্রিন স্ক্রিন নির্মিত অব দ্য মার্ক ওয়েব ফিল্মটি ৩০ মে থেকে স্ট্রিমিং হবে আইস্ক্রিনে।