প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১০:৩৯ এএম
বিপাশা বসু।
বলিউডে একসময় তিনি ছিলেন সেক্সসিম্বল তারকা। তার উপস্থিতি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। সেই তিনি বিপাশা বসু। বাঙালি এ অভিনেত্রী আজকাল অভিনয়ে অনিয়মিত। স্বামী-সন্তান আগলে রেখে আদর্শ গৃহবধূর জীবনযাপন করছেন। তবে প্রায়ই আসেন আলোচনায়। এবারও নতুন এক পরিচয়ে খবরের শিরোনামে বিপাশা। লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি।
বিপাশা জানিয়েছেন, তিনি একটি বই লিখবেন। গল্প বা কোনো উপন্যাস নয়, বইটি তার স্মৃতিকথা। অভিনেত্রী জানিয়েছেন, যে যে বিষয়গুলো তার জীবনের মোড় ঘুরিয়েছে, সে বিষয়গুলো লিপিবদ্ধ করা হবে।
পাশাপাশি নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তাই পাঠকের কাছে পৌঁছে দেবে বিপাশার বইটি। অভিনেত্রী বলেন, ‘আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখেছি। তার পরও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।’ বিপাশার বইটির শিরোনাম এখনও চূড়ান্ত নয়। বইটি আগামী বছর প্রকাশিত হবে বলে জানা গেছে।