প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মে ২০২৪ ১০:২১ এএম
বেশ কিছু ছবিকে টেক্কা দিয়ে নেটফ্লিক্স ট্রেন্ডিংয়ের সেরা ১০-এর তালিকায় স্থান দখল করে নিয়েছে স্বল্প বাজেটের এই ছবি।
বলিউডে এ মুহূর্তে
সবচেয়ে আলোচিত শব্দ ‘লাপাতা লেডিস’। এটি কিরণ রাও পরিচালিত সিনেমা। এ সিনেমা দিয়ে
প্রায় এক যুগ পর পরিচালনায় ফিরেছেন তিনি। আর ফিরেই একের পর এক বাজিমাত করছেন। মুক্তির
পর ছবিটি বক্স অফিসে যত না সাড়া ফেলেছিল, তার থেকে বহুগুণে সফল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
ইতঃপূর্বেই বিগ
বাজেটের তারকাবহুল বেশ কিছু ছবিকে টেক্কা দিয়ে নেটফ্লিক্স ট্রেন্ডিংয়ের সেরা ১০-এর
তালিকায় স্থান দখল করে নিয়েছে স্বল্প বাজেটের এই ছবি।
এবার নেটফ্লিক্সে
মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যে ১ কোটি ৩৮ লাখ ভিউ পেয়ে বিগ বাজেটের ছবি ‘অ্যানিমেল’কে
টেক্কা দিল ‘লাপাতা লেডিস’। সন্দীপ রেড্ডি ভাঙার ‘অ্যানিমেল’ নেটফ্লিক্সে মুক্তির তিন
সপ্তাহে পেয়েছিল ১ কোটি ৩৬ লাখ ভিউ। সেক্ষেত্রে ‘অ্যানিমেল’-এর তুলনায় ‘লাপাতা লেডিস’-এর
ভিউ বেশি।
তবে প্রেক্ষাগৃহে
বক্স অফিস আয়ের দিক থেকে ‘লাপাতা লেডিস’-এর তুলনায় কয়েকগুণ এগিয়ে ‘অ্যানিমেল’। বিশ্বব্যাপী
৯১৮ কোটি রুপি আয় করেছে রণবীর কাপুর অভিনীত এই সিনেমা।
অন্যদিকে ‘লাপাতা
লেডিস’ ছবিতে নেই শহুরে জাঁকজমক কিংবা নেই চড়া মেকআপের আস্তরণে ঢেকে থাকা নায়িকারা।
এমনকি খুব পরিচিত তারকাও নেই। দুয়েকজন ছাড়া সবাই অচেনা, নতুন।
ছবিটির প্রযোজনা
করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয়
করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব। অভিনয় করেছেন রবি কিষাণও।