প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪ ২২:৪২ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
ইউজিসির নির্দেশনা অমান্যের পর এবার গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (অন ক্যাম্পাসে) স্নাতক প্রোগ্রাম চালু সংক্রান্ত যাবতীয় সব কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ মে) মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘সরকার কর্তৃক নির্দেশিত মাস্টারপ্ল্যানের সুপারিশ অনুযায়ী অন ক্যাম্পাস অনার্স কোর্স চালু হয়েছে। চারটি বিষয়ে অনার্স কোর্স চালু করেছিলাম। আরও কয়েকটি বিষয়ে চালুর পরিকল্পনা ছিল। কিন্তু এখন সরকার যদি সেটি বন্ধ করতে চায়, তবে আমরা সেই সিদ্ধান্ত প্রতিপালন করব।’
ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ বিষয়। যেসব শিক্ষার্থী ভর্তি করা হয়েছে তাদের বিষয়ে সিন্ডিকেটে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে মূল ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়। তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়ে কয়েক দফা চিঠি দেয় ইউজিসি। তখন ইউজিসি বলছিল, বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর সুস্পষ্ট লঙ্ঘন বিধায় ইউজিসি এই নির্দেশ দিয়েছে।
তবে এর পরদিনই ইউজিসির নির্দেশের জবাব দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, ইউজিসির পত্রে বিশ্ববিদ্যালয়ের আইনের যেসব ধারা উল্লেখ করা হয়েছে, তা আংশিক ও খণ্ডিত। তাদের ভাষ্য, মূল ক্যাম্পাসে স্নাতকে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত আইনসংগত ও যথার্থ।
এ নিয়ে ইউজিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয় একের পর এক পাল্টাপাল্টি চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানায়। তখন তৃতীয় দফায় চিঠি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স কোর্সে ভর্তিসহ এ-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছিল। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে নড়েনি।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত কলেজগুলোর উচ্চশিক্ষা দেখভাল করে। বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত ২ হাজার ২৫৭টি কলেজে শিক্ষার্থীর সংখ্যা ৩১ লাখ ৭০ হাজারের বেশি।