বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২৩ মে ২০২৪ ২২:৪০ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪ ২২:৪৬ পিএম
‘দ্রোহের সুচে অঙ্গনে হোক জ্ঞানের বুনন’- স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘১৭তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’ শুরু হচ্ছে শুক্রবার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)’র আয়োজনে এই প্রতিযোগিতা আয়োজিত হবে।
বৃহস্পতিবার (২৩ মে) সংগঠনটির প্রেস ও মিডিয়া সম্পাদক জান্নাতুন্নেছা বিনতে জামান এমিলি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাংলা সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল। আয়োজনের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে ইংরেজি ব্রিটিশ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। এ ছাড়াও আয়োজনের তৃতীয় দিন রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত হবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা (বাংলা) এবং ইংলিশ এক্সটেমপোর স্পিচ কম্পিটিশন।
ওইদিনই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে। আকর্ষণীয় জুটি বিতর্কও থাকবে এই সমাপনী পর্বে।
আয়োজনের আহ্বায়ক তানভীর মোর্শেদ তামীম বলেন, ‘আমাদের এ আয়োজনে বাংলা এবং ইংরেজি পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হল অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের নিজের হলকে বিতর্কের মঞ্চে শ্রেষ্ঠত্বের আসনে গৌরবান্বিত করার প্রবল ইচ্ছা এই আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতাকে ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ ও উপভোগ্য করে তুলবে।’
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন দ্বিতীয়বারের মতো আন্তঃহল পর্যায়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষার বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করছে। এতে বিশ্ববিদ্যালয়ের ১৯টি হলের ১৯টি বিতার্কিক দল অংশ নিচ্ছে।