বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪ ২০:২২ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪ ২১:৫২ পিএম
জাবির শিক্ষার্থী নাবিলা ইসলাম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মিথ্যা তথ্য দিয়ে ইভটিজিংয়ের অভিযোগ করায় এক ছাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্থদণ্ড পাওয়া ওই ছাত্রী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী নাবিলা ইসলাম। তিনি নওয়াব ফয়জুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী।
এ ছাড়া একই ঘটনায় একই ব্যাচের ইতিহাস বিভাগের কাজী মহিউদ্দিন মিরাজ এবং ইংরেজি বিভাগ মো. আবিদ হাসান রাফিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের দুজনকেও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য নিশ্চিত করেন।
অফিস আদেশে বলা হয়, নারী শিক্ষার্থী ঘটনার দিন বা পরের দিন অভিযোগ না দিয়ে চার দিন পর প্রক্টর বরাবর ইভটিজিংয়ের অভিযোগ করেন। এ সময় তিনি মিথ্যার আশ্রয় নিয়ে ঘটনাটিকে অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের রাতভর মারামারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খল পরিপন্থি।
গত বছরের ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় অভিযুক্ত শিক্ষার্থীর অপরাধ বিবেচনায় বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে ওই ছাত্রীকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়। সেই সঙ্গে দুই ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
এ ঘটনায় অর্থদণ্ড পাওয়া নাবিলা ইসলাম বলেন, ‘আমি ইভটিজিংয়ের শিকার হয়েছিলাম। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে মিথ্যা অভিযোগ বললো, আমি বুঝতে পারছি না। এখন আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেহেতু প্রশাসন শাস্তি দিয়েছে এটা মেনে নিতেই হবে।‘
গত বছরের ১৪ জুলাই ৫১তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা সংঘর্ষ হয়। এতে ২০ জন শিক্ষার্থী আহত হন।