খুলনা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ২০:১০ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ২১:১৩ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সভাকক্ষে ইউজিসির আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ‘দেশে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত না হওয়ায় দেশ থেকে ব্যাপক হারে মেধা পাচার হয়ে যাচ্ছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে বিদেশনির্ভরতা কমাতে হবে।’
মঙ্গলবার (১৪ মে) দুপুরে খুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রম পরিবীক্ষণ ও প্রমাণক ব্যবস্থাপনা এবং ২০২৪-২৫ অর্থবছরের খসড়া কর্মপরিকল্পনা পর্যালোচনা ও ফিডব্যাকসংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সভা কক্ষে ইউজিসির আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ড. মুহাম্মদ আলমগীর বলেন, মেধা পাচার রোধ ও বিদেশনির্ভরতা হ্রাসে দেশে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের রূপরেখা বাস্তবায়ন করতে হলে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিদেশনির্ভরতা কমাতে এগিয়ে আসতে হবে। দেশে অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু এখনও তাদের পণ্যে বিদেশি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে শিল্প সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।’
এ ছাড়া দেশে বেকার সমস্যার সমাধানে শিক্ষার্থীদের বৈশ্বিক শ্রমবাজার উপযোগী করে গড়ে তোলা, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রম হালনাগাদ করাসহ উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের পরামর্শ দেন ইউজিসি চেয়ারম্যান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, ‘এপিএ চুক্তি বাস্তবায়নের ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক কাজের পরিবেশ তৈরি এবং ভালো কাজের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক ও এপিএর ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী, রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভূঞা, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, ভারপ্রাপ্ত কম্পট্রোলার মো. মনিরুল হক খান, ইউজিসির অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন, উপসচিব মো. আসাদুজ্জামান, সিস্টেম এনালিস্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাসসহ ইউজিসি, খুলনা ও বরিশাল অঞ্চলের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এপিএর আহ্বায়ক, ফোকাল পয়েন্ট, বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তারা।