চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৭:২৬ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৭:৫৮ পিএম
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম। প্রবা ফটো
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক রেজাউল করিম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের পদ থেকে তাকে প্রেষণে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. রেবেকা সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা রেজাউল করিমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হলো।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের ২৬ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক রেজাউল করিম। ওই দায়িত্ব পালনকালে ওএমআর শিট সরবরাহকারী একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক রেজাউল করিম। যদিও রেজাউল করিম সেই সময় জানিয়েছিলেন ওএমআর শিট সরবরাহ করতে আসা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটির ট্রাক বোর্ডের ওয়াকওয়ের কিছু টাইলস ভেঙে ফেলে। তার ক্ষতিপূরণ বাবদ টাকাটা নিয়েছিলেন। দুই দফা কারণ দর্শানোর নোটিস জারি করার পর গত বছরের ১৯ অক্টোবর তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলে বদলি করা হয়। এর সাত মাস পর ফের বোর্ডের চেয়ারম্যান হয়ে ফিরলেন তিনি।