প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৪ ১৯:৪৭ পিএম
আপডেট : ১২ মে ২০২৪ ১৬:৫৭ পিএম
ঐক্য ও একাত্মতা উদযাপনে আইএসডি ফেয়ারের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। প্রবা ফটো
স্কুল, শিক্ষার্থী ও কমিউনিটির মধ্যে ঐক্য ও একাত্মতা উদযাপনে আইএসডি ফেয়ারের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
কমিউনিটির সবাই যেন একে অন্যের সঙ্গে হৃদ্যতার বন্ধনে যুক্ত হতে পারে এ উদ্দেশ্যেই এ মেলায় আয়োজন করা হয়। মেলায় আগতদের জন্য ছিল ডল ক্যাচার, বাস্কেটবল, মিনি ট্রেইন রাইড, মাসকট ডান্স, পাপেট শো, নাগরদোলা, বাবল রুম ও ইনফ্ল্যাটেবল স্লিপারি ফুটবল ফিল্ডসহ বিভিন্ন আয়োজন।
অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ সফররত জিম্বাবুয়ে ক্রিকেট দল। এ সময় তারা স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয় এবং বিভিন্ন প্রতিযোগিতা, সংগীত এবং খেলা উপভোগ করে। মেলার এ আয়োজনকে আরও উপভোগ্য করে তুলতে অতিথিদের পছন্দের গান পরিবেশন করে শাওন গানওয়ালা ও তার দল।
মেলার টাইটেল স্পন্সর ছিল ইউনিমার্ট, গোল্ড স্পন্সর হিসেবে ছিল স্টেপ মিডিয়া, সাউথ ইস্ট ব্যাংক ও লংকাবাংলা এবং সিলভার স্পন্সর হিসেবে ছিল এভারকেয়ার হাসপাতাল।
এ আয়োজন নিয়ে আইএসডির পরিচালক স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, ‘কমিউনিটির সব পরিবারকে একসঙ্গে করা এবং আমাদের সবার মধ্যকার বন্ধন গড়ে তুলতে ও উদযাপনে আমরা এ মেলার আয়োজন করে আসছি। আমার বিশ্বাস, এক্ষেত্রে আমরা সফল হয়েছি। সামনের দিনগুলোতেও আমরা ধারাবাহিকভাবে এ মেলা আয়োজনের ব্যাপারে প্রত্যাশী।’