বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪ ২১:২০ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪ ২২:২৯ পিএম
হাবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা। প্রবা ফটো
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল ৯টার দিকে পরীক্ষার্থীরা হাবিপ্রবি কেন্দ্রে আসতে শুরু করে। সকাল থেকে রোদ এবং চলমান দাবদাহে ক্লান্ত হয়ে পড়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা। তাদের ক্লান্তি দূর করতে ব্যতিক্রমধর্মী এক আয়োজন করে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে সুপেয় পানি ও ফ্রি শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘যেখানে পানি ফ্রিতে পাওয়া যায় না সেখানে আমরা শরবত পেয়েছি ফ্রিতে। শরবত আমাদের ক্লান্তি দূর করেছে। এমন উদ্যোগ যারা নিয়েছেন তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’
পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা জানান, একদল শিক্ষার্থী ফ্রিতে শরবত বিতরণ করছে। এটি সত্যিই একটি মহৎ উদ্যোগ, সাধুবাদ জানাই এই উদ্যোগকে।
উদ্যোগটির ব্যাপারে জানতে চাইলে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. তানভির আহমেদ বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু ও সম্মানিত অভিভাবকদের চলমান তীব্র দাবদাহে কিছুটা স্বস্তি দিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই মহৎ কর্মে যুক্ত সমিতির প্রতিটি সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলী বলেন, ‘হাবিপ্রবি সাংবাদিক সমিতির সব সদস্যকে সঙ্গে নিয়ে অত্যন্ত সফলভাবে আমরা কার্যক্রম সম্পন্ন করেছি। সংশ্লিষ্ট সবার এবং শুভাকাঙ্ক্ষীদের থেকে ব্যাপক সারা পাচ্ছি। আগামী পরীক্ষাতেও কার্যক্রম চলমান রাখার পরিকল্পনা রয়েছে।’