রাবি সংবাদদাতা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ১৯:০৬ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ১৯:২২ পিএম
রাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।
মঙ্গলবার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগমের সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯)-এর ১৩ (১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীরকে চার শর্তে উপ-উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগ দেওয়ার তারিখ হতে ৪ বছর হবে, উপ-উপাচার্য পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।