বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৫:৪৬ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ১৬:০৭ পিএম
ফাইল ছবি
এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় বগুড়ায় ৫০২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া অসাধুপন্থা অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
শিক্ষা শাখা জানিয়েছে, এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় ৫০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে এইচএসি (সাধারণ) ২৯১ জন, আলিমে ১৩৮ জন ও বাকি ৭৩ জন এইচএসসি বিএম শাখার। এছাড়া পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বন করায় সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রী কলেজ কেন্দ্রে বিএম শাখার তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ বছর জেলায় এইচএসসি ও সমমানে ৩৩ হাজার ১২৮ জনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষার প্রথম দিনে ৫০২ জন অনুপস্থিত থাকায় এবার ৩২ হাজার ৬২৬ জন পরীক্ষায় বসেছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নিলুফা ইয়াসমিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রথম দিনে জেলায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য ট্যাগ অফিসার এবং পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করেছেন। আশা করছি আগামী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’
প্রবা/আরএ/এমআর