বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২১ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৩ পিএম
আটক অনিক খন্দকার। প্রবা ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়।
আটক ওই সদস্যের নাম অনিক খন্দকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী অনিক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর খালেদ সাইফুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকদের রুমে দরজার নিচে দিয়ে কিছু ছেলে চিঠি দিচ্ছিল। এটা দেখতে পান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন। এ সময় তিনি কথা বলতে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে একজনকে আটক করা হয়।
সহকারী প্রক্টর খালেদ সাইফুল্লাহ বলেন, আটক শিক্ষার্থীর কাছ থেকে সরকারবিরোধী লিফলেট, তাদের সংগঠনের বিভিন্ন বক্তব্য সংবলিত চিঠি, একটি মোবাইল, ট্রান্সজেন্ডার ও সমকামিতা নিয়ে লেখা একটি ডায়েরি পাওয়া গেছে।