বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৮ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৯ পিএম
ফটকের নকশা।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দৃষ্টিনন্দন প্রথম ফটকের নির্মাণ কাজ প্রায় শেষ। দৃশ্যমান হয়েছে মূল স্থাপনা। যার নয়নাভিরাম দৃশ্য বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
জানা গেছে, ফটকটি নির্মাণের জন্য শিক্ষার্থীদের থেকে একটি ডিজাইন আহ্বান করা হয়। স্থাপত্য বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ফার্নিয়া কবির ও তার দল ডিজাইনটির জন্য নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ এই ফটকের নকশা প্রণয়ন করে। ২০২৩ সালের জুন মাসে এর নির্মাণকাজ শুরু হয়। ফটকটির মূল এন্ট্রি অংশ ২০ ফুট এবং পথচারী এন্ট্রি অংশ ১০ ফুট প্রশস্ত। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৪ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে অদ্যাবধি এই গেটের গুরুত্ব শিক্ষার্থীদের কাছে অপরিসীম। ভেতরে টিএসসি, ব্যাংক, ডি-বক্স, আবাসিক হলসহ গুরুত্বপূর্ণ নানান স্থাপনা ও ব্যক্তিদের পদচারণায় মুখর থাকে এই গেইটটি। এছাড়াও গেইটের পাশে অনেক টঙ দোকান থাকায় সব সময় ব্যস্ত থাকে এই পথে।
কৃষি অনুষদের শিক্ষার্থী জাবির আল মামুন বলেন, ‘দেরিতে হলেও বিশ্ববিদ্যালয়ের প্রথম দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজ হচ্ছে এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের। বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো অনেকটা পরিচায়ক হিসেবে কাজ করে। আর্টিকেল কিংবা নিউজে সাধারণত বিশ্ববিদ্যালয়ের ফটকের ছবিগুলোই বেশি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে দৃষ্টিনন্দন ফটকগুলো একটি ভালো ইম্প্রেশন তৈরিতেও যথেষ্ট ভূমিকা রাখে। নির্মিত তৃতীয় দৃষ্টিনন্দন ফটকটি এমনি পরিচায়ক হিসেবে ব্যবহার হবে বলে আশা করছি। পাশাপাশি দৃষ্টিনন্দন ফটকটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকেও কয়েকগুণ বাড়িয়ে দেবে বলে আমার বিশ্বাস। নজরকাড়া স্থাপত্যের এই ফটকটি নির্মাণের জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও ওয়ার্কস শাখার পরিচালক অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের প্রথম ফটকটি পূর্বে থেকেই ছিল, এটি শুধু আধুনিকায়ন করা হয়েছে। প্রথম ফটকটি শুধুমাত্র প্রবেশদ্বার ছিল, যা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুব অসামঞ্জস্যপূর্ব হয়ে যাচ্ছিল। আধুনিকায়নের ফলে ফটকটির সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। গেইটির কাজ প্রায় শেষ, দ্রুতই উদ্বোধন করা হবে।’