রাবি সংবাদদাতা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১৬:২৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৬:৫৭ পিএম
রাবিতে ১৪ দফা দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি। ছবি : প্রবা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে রাকসু আন্দোলন মঞ্চ। এ কর্মসূচি চলবে আগামী সাত দিন।
বুধবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারীরা ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৭ অক্টোবর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। তাদের প্রথম কর্মসূচি ছিল সাত দিন ধরে লিফলেট বিতরণ, যা এখনো চলছে। দ্বিতীয় ধাপের গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে আজ বুধবার।
কর্মসূচি সম্পর্কে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটা আমাদের পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় কর্মসূচি। এরপর আমরা দুই সপ্তাহ নিয়মিত সেমিনার ও পরে ছাত্রদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করব।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সমর্থন নিয়ে আমাদের দাবিগুলো ভিসি স্যারের কাছে উত্থাপন করেছি। তিনি আমাদের দাবিগুলো যৌক্তিক মনে করেছেন ও বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচির চালিয়ে যাব। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করব।’