বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৯:২৭ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১৯:৪৬ পিএম
খাবারের দাম কমানোর দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-সংলগ্ন তিনটি হোটেলে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে শিক্ষার্থী ও দোকানিদের নিয়ে বসে খাবারের নতুন মূল্য নির্ধারণ করা হয়।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন মামা হোটেল, চড়ুইভাতি রেস্তোরাঁ ও মক্কা হোটেলে তালা দেন শিক্ষার্থীরা। এরপর বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে দোকানি ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসে প্রক্টরিয়াল বডি।
নতুন মূল্যতালিকা অনুসারে, দুই টুকরো গরুর গোশত ৫৫ টাকা, চার টুকরো ১০০ টাকা, ব্রয়লার মুরগি এক টুকরো ৪৫ টাকা, কক মুরগি ৪ টুকরো ১০০ টাকা, ডাল ৫ টাকা, ভাতের সঙ্গে সবজি ২০ টাকা, মাছ ভর্তা ২০ টাকা, আলু ভর্তা ১০ টাকা, শুঁটকি ভর্তা ১৫ টাকা, পরোটা ১০ টাকা, ডিমের সঙ্গে ডাল ২০ টাকা, তেহারি ৪৫ টাকা, শিঙাড়া-সমুচা ৮ টাকা, ভাত ১০ টাকা, মুরগি মাসালা ৫০ টাকা, রুই মাছ ৭০ টাকা, তেলাপিয়া ৪৫ টাকা ও পাবদা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই দামে সাধারণ শিক্ষার্থীরা একমত পোষণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী এমএইচ সাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের হস্তক্ষেপে আমরা নতুন মূল্যতালিকা পেয়েছি। এই মূল্যতালিকা আমাদের মতামত নিয়েই তৈরি করা হয়েছে। এই তালিকা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।’
এর আগে দুপুর ২টায় প্রথমে ক্যাম্পাসসংলগ্ন মামা হোটেল, এরপর চড়ুইভাতি রেস্তোরাঁ ও মক্কা হোটেলে তালা লাগানো হয়। এরপর দোকানিরা প্রক্টর অফিসে গেলে শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। নতুন মূল্যতালিকা নির্ধারণের পর বিকাল সাড়ে ৪টার দিকে হোটেলগুলোর তালা খুলে দেন শিক্ষার্থীরা।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বাইরের যে হোটেল-রেস্টুরেন্ট আছে, তাদের মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা শুধু শিক্ষার্থীদের জন্যই বেশ কিছু খাবারের দাম কমিয়েছে। আশা করি দ্রুত তারা সুষ্ঠুভাবে এটা বাস্তবায়ন করবে।’