প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ২১:২৭ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ২১:৫০ পিএম
ইরাব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রবা ফটো
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ২০১০ সালের শিক্ষানীতির আলোকে নিম্নমাধ্যমিক শিক্ষাকে অবৈতনিক অথবা স্বল্পমূল্যে দেওয়ার চেষ্টা করা হবে। টাকার জন্য কোনো শিক্ষার্থী যাতে নিম্ন মাধ্যমিক থেকে ঝরে না পড়ে সেই প্রয়াস থাকবে।
শনিবার (১৩ জানুয়ারি) রাতে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা।
নতুন কারিকুলামে পরীক্ষা থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শিগগিরই বিশেষজ্ঞদের সঙ্গে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে মূল্যায়নটা এমনভাবে হওয়া উচিত, যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে।
শিক্ষার প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়ে মন্ত্রী যেকোনো অসংগতি বা অভিযোগের বিষয় সরাসরি উচ্চপর্যায়ের নজরে না এনে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের জবাবদিহির আওতায় আনার তাগিদ দেন।
তিনি বলেন, সরাসরি উচ্চপর্যায়ে প্রশ্ন করা হলে সেখান থেকে স্বাভাবিকভাবে একটি ডিফেন্সিভ উত্তর দেওয়া হয়। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত হয় না। শিক্ষার তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইরাবের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরাব সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। এ সময় ইরাবের যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, আন্তর্জাতিক সম্পাদক নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক সেলিম আহমেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।