ফিরে দেখা ২০২৩
ইউছুব ওসমান,জবি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ২০:৩৫ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩ ২০:৩৮ পিএম
শেষ হচ্ছে আরও একটি বছর। ২০২৩ সালে বিভিন্ন বিষয়ে সমালোচনা আর অঘটনের মধ্য দিয়ে কেটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)। বছরজুড়ে প্রাপ্তি-অপ্রাপ্তি মিলে নানাভাবে আলোচনায় ছিল শিক্ষাপ্রতিষ্ঠানটি। এক নজরে দেখে আসা যাক কেমন কেটেছে জবির সারা বছর।
শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা-দুর্ঘটনা-শাস্তি
বছর জুড়ে ফিল্ড ওয়ার্কে গিয়ে, বাসে ও স্থানীয়দের হামলায় ও সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষক শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়াও ব্যাচ ট্যুরে গিয়ে বৈরি আবহাওয়ায় সেন্টমার্টিন দ্বীপে ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী আটকা পড়েন। র্যাগিং, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শিক্ষার্থী নিপীড়নসহ নানা অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় সত্তর জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষার্থীদের যত অর্জন
বছরজুড়ে আলোচনায় ছিল শিক্ষার্থীদের নানা অর্জন। আন্তর্জাতিক, জাতীয়, ব্যক্তিগত বিভিন্ন অর্জনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিকে ইতিবাচক আলোচনার মধ্যেই রেখেছিল। বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ আই-ইইই এক্সট্রিম আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার ১৭তম আসরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তিন শিক্ষার্থীর টিম ‘জেএনইউএক্সটিম’। এ বছর ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (ফোবানা) পক্ষ থেকে প্রথমবারের মতো পাঁচজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সর্বোচ্চ ফল এবং নম্বরের ওপর ভিত্তি করে ইউজিসির মনোনয়ন বোর্ডে নির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদের ছয় শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে ‘ফাস্টেস্ট টাইম টু সেটআপ অ্যান্ড টপেল ফাইভ ইরেজার’ টাইটেলে দ্রুততম সময়ের মধ্যে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির উপরে আরেকটি ফেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অংকন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে রেকর্ড গড়ে নাম লিখিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী জিসান ইসলামের বানানো স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন ছবি ‘ফ্লাইট’ নেট দুনিয়ায় ব্যাপক সারা ফেলে। এ বছর স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত এক হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে মেধা ও অবৈতনিক ক্যাটাগরিতে মোট ৫৫ লাখ ৩৩ হাজার টাকার বৃত্তি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
গুচ্ছ থাকা নিয়ে ‘লঙ্কাকাণ্ড’
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বের হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি, সংবাদ সম্মেলনসহ মানববন্ধন করেন। বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ফিরিয়ে আনতে ও মান রক্ষা করতে পর পর দুইটি একাডেমিক কাউন্সিলে নতুন বছরে শিক্ষার্থী ভর্তিতে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও রাষ্ট্রপতির আদেশে গুচ্ছে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর সরকারের নেওয়া একক ভর্তি পরীক্ষা গ্রহণের পরিকল্পনাও ব্যর্থ হওয়ায় এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে গুচ্ছ ভর্তির বিষয়টি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে এখনও অনড় রয়েছেন।
শিক্ষকের যত অর্জন
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অর্জনের দিক দিয়ে বছরজুড়ে ছিলেন আলোচনায়। আন্তর্জাতিক সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত ‘ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র্যাংকিং-২০২৩’-এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন শিক্ষক ও গবেষক এবছর স্থান পেয়েছেন। ২০২৩-২৪ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় গবেষণা প্রকল্পে ৩৯ লাখ টাকা অনুদান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষক।
শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ
শিক্ষকদের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি নেতিবাচক বিভিন্ন কর্মকাণ্ডেও ২০২৩ সালে সরগরম ছিল বিশ্ববিদ্যালয়টি। বছরজুড়েই সেসব শিরোনাম হয়েছে বিভিন্ন জাতীয় পত্রিকায়। প্রেমের সম্পর্কের ছলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কুমার সাহা পরীক্ষার আগেই ছাত্রীকে সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রশ্ন দেওয়ার সংবাদে বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এ. বি. এস. মাণিক মুনসী একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান দেওয়া হয়।
সমালোচনার ঝড়
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরা হলের সিট অপ্রাপ্তির নোটিশ হাইকোর্টে রিটের পর তা স্থগিত ঘোষণা করা হয়। হল কর্তৃপক্ষের এমন বিজ্ঞপ্তি এবং হাইকোর্টের রায়ে গা বাতিলের পর দেশজুড়েই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাও বিষয়টি নিয়ে কথা বলে।
ছাত্রলীগের বিরুদ্ধে যত অভিযোগ
২০২৩ সালে বছরজুড়েই আলোচনায় ছিল ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড। নেতিবাচক এসব কর্মকাণ্ডে আলোচানায় ছিলেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। চাঁদাবাজির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির বিরুদ্ধে ১৫ মার্চ মামলা করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও শাখা সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান। এছাড়াও শাখা ছাত্রলীগের বিরুদ্ধে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে সদরঘাট ফুটওভার ব্রিজ পর্যন্ত হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি ও নির্যাতন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ২৮ মার্চ চিঠি পাঠায় বাংলাদেশ হকার্স ইউনিয়ন। এছাড়াও বছরজুড়ে ছাত্রীহলে নির্যাতনসহ শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ উঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ছাত্রলীগের ১০ ও ছাত্রদলের ৬ জনকে অব্যাহতি, আটক ৩
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এবং আরও কয়েকটি ইস্যুতে শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলে জবি শাখা ছাত্রলীগের দশজন নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয় এই বছর। এছাড়াও সাংগঠনিক নিষ্ক্রীয়তার অভিযোগে শাখা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি দেয় সংগঠনটি। নাশকতার অভিযোগে রাজধানীর কোতোয়ালী থানায় করা মামলায় গ্রেপ্তার শাখা ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। একই অভিযোগে পরবর্তীতে আরও কয়েকজন ছাত্রদল নেতাকর্মী পুলিশের হাতে আটক হোন।
দুই সাংবাদিককে হেনস্তা
২০২৩ সালে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হোন বিশ্ববিদ্যালয়টির দুই সাংবাদিক। শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির অনুসারী গাজী মো. শামসুল হুদাসহ একাধিক ছাত্রলীগ কর্মী সাংবাদিক হেনস্তা ও সাংবাদিক সংগঠনকে অকথ্য ভাষায় গালাগালি করেন। পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় অভিযুক্ত গাজীর চাঁদাবাজির খবর প্রকাশিত হওয়ার পরও কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এর আগে চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছাত্রলীগের দুই পক্ষের ধাক্কাধাক্কির ভিডিও ধারণকালে ছাত্রলীগের কর্মীরা তাকে হেনস্তা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় সংগঠনটির ইতিবাচক সংবাদ বয়কটের ঘোষণা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয়।
কর্মকর্তাদের বিরুদ্ধে যত অভিযোগ
বছরজুড়ে বিতর্কিত কর্মকাণ্ডের শিরোনাম হয়েছেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন বাণী ভবনের জায়গা দখল করে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের তোড়জোড় করে। প্রশাসনকে না জানিয়ে গাছ কেটে ফেলে কেন্দ্রীয় মসজিদের ঈমাম। ব্যক্তিগত কাজ না করে দেওয়ায় চতুর্থ শ্রেণির কর্মচারী উত্তম বৈরাগীকে রেজিস্ট্রার দপ্তরের সম্পত্তি কর্মকর্তা কামাল হোসেন চাকরিচ্যুত করার হুমকি দেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কাজী মনিরের বিরুদ্ধে নতুন ক্যাম্পাসের অধিগ্রহণকৃত জমিতে চুরি করে চাষ করার অভিযোগ উঠে। কয়েকটি ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও এখনও কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থাও।
উপাচার্যসহ পাঁচ শিক্ষার্থীর বিদায়
চলতি বছরে এপ্লাস্টিক অ্যানিমিয়া, ডেঙ্গুজ্বর, খাদ্য বিষক্রিয়া, গ্যাস বিস্ফোরণসহ অস্বাভাবিক মৃত্যুতে প্রাণ হারিয়েছের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। শিক্ষার্থী ছাড়াও দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর বিআরবি হাসপাতালে ১১ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক ইমদাদুল হকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়টিতে শোকের ছায়া নেমে আসে।
নতুন উপাচার্য-কোষাধ্যক্ষ নিয়োগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ও প্রথম নারী উপাচার্য হিসেবে ঢাবি অধ্যাপক ড. সাদেকা হালিম নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পঞ্চম কোষাধ্যক্ষ হিসেবে ৫ ডিসেম্বর নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির। এর আগে ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মেয়াদ শেষ করেন।
এছাড়াও ২০২৩-২৪ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। চলতি বছর ইউজিসি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৫৮ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। পেপারলেস অফিস প্রতিষ্ঠার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ডি-নথির (ডিজিটাল নথি) সঙ্গে যুক্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বছরজুড়ে নানা প্রাপ্তি থাকলেও অনেকটা বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়েই পার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। উপাচার্যের মৃত্যুসহ নানা ঘটনায় বিশ্ববিদ্যালয়টি কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে না পারলেও নতুন বছরে নতুন করে শুরুর প্রত্যয় ব্যক্ত করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সংকট কাটিয়ে আধুনিক ও স্মার্ট বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রত্যয় তাদের।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিদায়ী বছর অনেক ঘটনাবহুল ছিল। আমরা উপাচার্যকে হারিয়েছি। অনেক অর্জনও ছিল। নতুন বছরে আমি নতুন করে দায়িত্ব নেব। শিক্ষক-শিক্ষার্থীদের যে সংকটগুলো আছে, যেমন নতুন ক্যাম্পাস, আবাসিক সংকট, ট্রান্সপোর্ট সংকট সেসব নিয়ে আমরা কাজ করব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল বডি সচেষ্ট হয়ে কাজ করেছে। আইনশৃঙ্খলাবাহিনীও আমাদের সহযোগিতা করেছে। যার ফলে তেমন কোনো বিশৃঙ্খলা ঘটেনি। নতুন বছরেও ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সচেষ্ট হয়ে কাজ করবে।