প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:০৬ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:২৯ পিএম
ছুটি বাড়িয়ে নতুন করে আগামী বছরের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে ডিপিই। ফাইল ফটো
নানা বিতর্কের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আরও ১৬ দিন বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বর্তমানে সাপ্তাহিক ছুটি ছাড়া বার্ষিক ছুটি বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দিনে।
রবিবার (৩১ ডিসেম্বর) ছুটি বাড়িয়ে নতুন করে আগামী বছরের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে ডিপিই।
গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই তালিকায় দেখা যায়, ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন। কিন্তু সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি ছাড়াও ৭৬ দিন ছুটি রেখে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। মাধ্যমিকের তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কম থাকায় অসন্তোষ প্রকাশ করেন প্রাথমিকের শিক্ষকেরা। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার পরিপ্রেক্ষিতে এই ছুটি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আগের ও পরের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, প্রথম তালিকায় মোট ছুটি ছিল ৬০ দিন। সেই ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শবেকদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি সাত দিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি পাঁচ দিনের জায়গায় সাত দিন করা হয়েছে। এ ছাড়া, শীতকালীন অবকাশ এক দিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদপ্তর।
অন্যদিকে ২০ জুলাইয়ের আষাঢ়ি পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার এক দিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে ৭৬ দিন বাৎসরিক ছুটি রেখে তালিকা প্রকাশ করেছে অধিদপ্তর।