প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৭ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৯ পিএম
আগামী বছর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ৯ জুন। আর ক্লাস শুরু হবে ২১ জুলাই থেকে। সাপ্তাহিক দুই দিন ছুটি ছাড়াও ৭১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বার্ষিক ছুটি ও অ্যাকাডেমিক ক্যালেন্ডারের এই প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-৪) মোসা. রোকেয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। ফল প্রকাশ করা হবে ১৬ জুলাই। এ ছাড়া দ্বাদশ শ্রেণির (২০২২-২৩ সেশন) নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। ফল প্রকাশ করা হবে মার্চে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে ক্লাস বন্ধ রাখা যাবে না। এমনকি সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস, যেমন: ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট, ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে হবে।