যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ২৩:০১ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ২৩:০৩ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) লিফট অপারেটরের নিয়োগ পরীক্ষা দিতে আসা ১৭ জনকে আটকে রাখার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) যশোর কোতোয়ালী থানায় মামলাটি করেছেন যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আরাফাত হোসেন ইমন নামেন এক যুবক।
আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বেলাল হোসেন, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফি হাসান, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রেদওয়ান হাসান রাফি, পদার্থ বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র রাহান রাব্বি, সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শোয়েব ও পিএসএস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহিনুর রহমান।
মামলার বাদী আরাফাত হোসেন ইমন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ইজিবাইক থেকে নামার সাথে সাথে কয়েকজন আমাকে ডাকে। ডেকে নিয়ে বলে কি পরীক্ষা দিতে এসেছেন? এর পর আমাকে শহীদ মসীয়ূর রহমান হলের ৩০৯ নাম্বার রুমে নিয়ে গিয়ে বলে, তোরা পরীক্ষা দিতে আসছিস, এডমিট কার্ড কোথায় থেকে পাইলি? ওই কক্ষে আমিসহ ৬ জন চাকরি পরীক্ষার্থী ছিলাম। এছাড়াও হলের ৩০৪ নাম্বার কক্ষ ও পাঁচ তলার একাধিক রুমে ১৭ জনের মতো আটকে রাখা হয়। ৩০৯ নাম্বার রুমে জোরে চিল্লাচিল্লি করলে আমাকে মাথায় ও নাকে-মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। বিকাল সাড়ে তিনটার দিকে তারাই শহরের পালবাড়ি নিয়ে আমাদেরকে ছেড়ে দেয়।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘কিছু পরীক্ষার্থীকে আটকে রাখার খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে প্রভোস্টকে পাঠিয়েছিলাম। তিনি গিয়ে কাউকে সেখানে পাননি। চাকরি প্রত্যাশী ও অভিভাবকরা আমার সঙ্গে দেখা করেছেন। শনিবার রিজেন্ট বোর্ডের সভা হবে। সেখানে এই বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’