বাকৃবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৯:৩৯ পিএম
ফাইল ছবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে শিক্ষার্থী নির্যাতন ও সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং বিচারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক অর্ণব দাস স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, ডাইনিংয়ের খাবারের মানের প্রশ্ন তোলাসহ ডাইনিংয়ে খেতে অসম্মতি জানালে তাপসী রাবেয়া হলের শিক্ষার্থী মুরছালিন মুস্তাকি মাফিকে মধ্য রাতে গেস্টরুমে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে ছাত্রলীগের কর্মীরা। দীর্ঘদিন ধরেই হলের ডাইনিং এ খেতে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে। কোন শিক্ষার্থীর কোথায় খাবে তা তাদের ওপর চাপিয়ে দেওয়া যায় না। খাবারের দাম বৃদ্ধি করা হলেও মান উন্নয়ন করা হয়নি। এই নিয়ে হলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ। হলের ডাইনিংগুলো উপযুক্ত ভর্তুকি দিয়ে হল প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কথা থাকলেও তা হয় না। নিম্নমানের খাবার সাধারণ শিক্ষার্থীদের অনিচ্ছা সত্ত্বেও খেতে বাধ্য করা হয়। প্রশাসনের সম্মুখেই দিনের পর দিন এই ঘটনা চললেও কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অপরদিকে গত মঙ্গলবার বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আশিকুর রহমানকে মারধর করে ছাত্রলীগের নেতারা। এই ঘটনাগুলো ক্রমাগত বেড়েই চলেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এই অগণতন্ত্রিক অবস্থার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। বরং প্রশাসনের এই নির্বিকার নিরব ভূমিকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা ও কথা বলার গণতান্ত্রিক পরিবেশ প্রশাসনকেই নিশ্চিত করতে হবে। অবিলম্বে তাপসী রাবেয়া হলে শিক্ষার্থী নির্যাতন এবং সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলার ঘটনায় অভিযুক্ত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। হল ডাইনিং প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে, ডাইনিংয়ে থেতে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা চলবে না। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।