বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২১:১৪ পিএম
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ড. মো. আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পঞ্চম জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আখতারুজ্জামান সংগঠনটির সভাপতি এবং অধ্যাপক সিরাজুল হক আলো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার অডিটোরিয়ামে এই সম্মেলন হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (গাজীপুর) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক ড. মো. লোকমান হেসেন।
সম্মেলনে ড. মাকসুদ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের নীতিমালা বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত আন্দোলন গড়ার আহ্বান জানান। পরে তিনি ড. এম. এ. ওয়াজেদ মিয়ার রেখে যাওয়া স্বপ্ন, ধারণা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এই সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আগামী দিনগুলোতে নবগঠিত কমিটির গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং ড. এম এ ওয়াজেদ মিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে বলে আশা করছি এবং প্রতিশ্রুতি ব্যক্ত করছি।’ সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলোও সংগঠনটির শিক্ষা ও গবেষণাধর্মী কার্যক্রম বৃদ্ধি এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভাসিত হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।