প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৯:৫৭ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ২০:৩৬ পিএম
যৌথ উদ্যোগে ইংরেজি শিক্ষকদের জন্য দ্বিতীয় জাতীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টেসল সোসাইটি অব বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ইংরেজি শিক্ষকদের জন্য দ্বিতীয় জাতীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) ইংরেজি শিক্ষকদের জন্য আয়োজিত দ্বিতীয় জাতীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে। আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইংরেজি শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। এ ছাড়াও এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যা কাডেমির (নায়েম) মহাপরিচালক ড. মো. নিজামুল করিম।
আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আভাই) পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির। কর্মশালাটির সূচনা হয় টেসল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সাইদুর রহমানের স্বাগত বক্তব্যের যেখানে তিনি টেসল সোসাইটি অব বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই দিনব্যাপী প্রশিক্ষণে সর্বমোট ১০টি কর্মশালা পরিচালিত হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষাদানবিষয়ক প্রয়োজনীয় জ্ঞান ও নির্দেশনা পান। এরই পাশাপাশি এই কর্মশালার মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন প্রয়োজনীয় পদ্ধতি এবং কলাকৌশলের সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষকদের পরিচিত করিয়ে দেওয়া হয়।
শিক্ষাবিষয়ক এসব কর্মশালা ছাড়াও ব্রিটিশ কাউন্সিল, ঢাকা ও আমেরিকান সেন্টার, ইউএস অ্যাম্বাসি ঢাকা থেকে পরিচালিত বিভিন্ন ইংরেজি প্রোগ্রাম সম্পর্কে ধারণা প্রদানের উদ্দেশ্যে আলাদা একটি সেশন পরিচালিত হয়েছিল।
সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষকরা উক্ত কর্মশালায় অংশ নেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মশালা প্রাণবন্ত করে তুলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের কর্মশালা থেকে প্রাপ্ত মূল্যবান তথ্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্য করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টেট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান নুশরাত আরা ঐশী। এ ছাড়াও টেসল সোসাইটি অব বাংলাদেশের যুগ্ম সচিব এবং ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের (বিআইএল) সিনিয়র লেকচারার হাসনা খানম। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানে যোগদানকারী সবার উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করে। সবশেষে অংশগ্রহণকারী সবার মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সফল এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।