বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৮:৪৯ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৯:২৭ পিএম
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। প্রবা ফটো
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবা করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চাকরি সেই অর্থে কোনো চাকরি নয়, বরং এটি একটি সেবাদান প্রতিষ্ঠান। কোনো সেবাগ্রহীতা যদি অভিযোগ করে, তা যাচাই করে ভোগান্তি ছাড়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে হবে। ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে, অন্যদিকে সেবাগ্রহীতাও সন্তুষ্টি লাভ করবে।’
বুধবার (৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন , ‘প্রত্যেকে স্ব-স্ব প্রতিশ্রুতি অনুযায়ী অফিসের কার্যক্রম সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে পালন করলে যেকোনো সমস্যা সম্মিলিত প্রচেষ্টায় সমাধান করা সম্ভব। আজকের কর্মশালায় অংশগ্রহণকারীদের অভিযোগ প্রতিকার বিষয়ে বিস্তারিত জানার সুযোগ ঘটবে; যা তাদের স্ব-স্ব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সম্পদব্যক্তি হিসেবে প্রশিক্ষণ দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপপরিচালক (ইন্সপেকশন ও মনিটরিং) মৌলি আজাদ। এ সময় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।