বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৭:৪৬ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৭:৫১ পিএম
প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার শিল্পীদের যৌথ অংশগ্রহণে চার দিনব্যাপী ‘হারমনি আনবাউন্ড’ শীর্ষক এক আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী চলবে আগামী ৫ নভেম্বর (রবিবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরের দিকে অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে ঢাকার ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মি. হিরু হারতানতো সুবুলো সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন বিভাগ এই প্রদর্শনীর আয়োজন করে।
গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারপারসন ভদ্রেশু রীটার সভাপতিত্বে অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা-এর রেক্টর অধ্যাপক ড. নূর হিশাম ইব্রাহিম, ইন্দোনেশিয়ান কালচারাল আর্ট ইনস্টিটিউট অব বান্দুং-এর ডেপুটি রেক্টর অধ্যাপক ড. সুপ্রিয়তনা এবং ঢাবি গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই প্রদর্শনীতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার শিল্পীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের মধ্যে এরকম সহযোগিতামূলক কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের সঙ্গে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছি।’
এই প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন বিভাগের ১২জন শিল্পীর ২৪টি শিল্পকর্ম, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা-এর ৮জন শিল্পীর ৯টি শিল্পকর্ম এবং ইন্দোনেশিয়ান কালচারাল আর্ট ইনস্টিটিউট অব বান্দুং-এর ৩জন শিল্পীর ৩টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।