বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে
রংপুর অফিস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ২২:১৩ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ২২:২৬ পিএম
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রবা ফটো
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক হলের বিদ্যুৎ বিল দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (৮ অক্টোবর) বিকালে নগরীর জুম্মাপাড়ার রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান।
শিক্ষার্থীরা জানায়, বিকালে বিদ্যুৎ বিলের বিষয়ে কথা বলতে পলিটেকনিক ইনস্টিটিউটের তিনটি হলের ১০ জন করে প্রতিনিধিকে নিজ কক্ষে ডাকেন অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আবাসিক হলের শিক্ষার্থীদের বিদ্যুৎ বিল দিতে হবে। এ সময় শিক্ষাথীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে তারা অধ্যক্ষের রুম থেকে বের হয়ে ক্যাম্পাসের মাঠে জড়ো হন। এ সময় পলিটেকনিকের চতুর্থ পর্বের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা নাভিদ রিওয়ের সঙ্গে অন্য শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পলিটেকনিক ইনস্টিটিউটে চিফ ইন্সট্রাক্টর ইউসুফ আলী বলেন, আবাসিক হলেন বিদ্যুৎ বিল নিয়ে ছাত্রদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছিল। ওই ঘটনায় পাঁচ সদস্যরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ওসি মাহফুজার রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’