প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৬:১৪ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ১৭:১৭ পিএম
বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি: সংগৃহীত
নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের স্টার টাওয়ারের আইকিউএসি কনফারেন্স হলে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফ্ফাত জাহান। উপ-উপাচার্য অধ্যাপক শুভময় দত্তের সভাপতিত্বে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক নুরুন্নবী মোল্লা, স্কুল অব বিজনেসের সাবেক ডিন অধ্যাপক এ. এইচ. এম. হাবিবুর রহমান, স্কুল অব সায়েন্সের সাবেক ডিন অধ্যাপক এজেএম ওমর ফারুক।
উপাচার্য ইফ্ফাত জাহান বলেন, শিক্ষকতা মর্যাদাসম্পন্ন পেশা। বাবা-মায়ের পরই প্রতিটি শিক্ষার্থীর জীবনে শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি। আমাদের সমাজ ও দেশ পরিচালনায় নেতৃত্ব দেন শিক্ষকরা। একজন শিক্ষক সমাজ বিনির্মাণে তার গবেষণা, দর্শন, পথপ্রদর্শক ও নির্দেশক হিসেবে কাজ করেন।
আলোচনা সভায় অতিথিরা শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূরীকরণে সরকারের প্রতি আহ্বান জানান। গুণগত শিক্ষা প্রদান ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের যথাযোগ্য সম্মান ও জীবনমান উন্নয়নের ওপর নজর দেওয়া উচিত বলেও মনে করেন বক্তারা।
সভায় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।