বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১৮:২১ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ১৯:২১ পিএম
ভার্চুয়াল ক্লাস রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের উদ্বোধন করেন। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম চালু করা হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এই ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম চালু করা হয়।
অনুষ্ঠানে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান ও প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, ‘ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্রমান্বয়ে এই কার্যক্রম আরও জোরদার ও প্রসারিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের যথাযথ ব্যবস্থাপনায় ও রক্ষণাবেক্ষণে সমন্বিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি উপাচার্য আহ্বান জানান।