রাজশাহী অফিস
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১৭:০৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১৮:৩৩ পিএম
মমিনুল ইসলাম মমিন। প্রবা ফটো
চার মাস সংসারের পর ‘স্ত্রী’কে অস্বীকার ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। সোমবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে এ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফিশারিজ বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আমির আলী হলের সহসভাপতি মমিনুল ইসলাম মমিন। অন্যদিকে নগরীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তার কথিত স্ত্রী।
অভিযোগে বলা হয়েছে, চার মাস আগে বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধুর উপস্থিতিতে বিয়ে করেন তারা। এ সম্পর্কের ভিত্তিতে ক্যাম্পাসের কাজলায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা একটি বাসা ভাড়া নেন। সম্প্রতি তাদের সম্পর্কে টানাপড়েন দেখা দিলে স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ছাত্রলীগ নেতা। এ অবস্থায় গত ১ অক্টোবর তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন।
ওই নারী বলেন, ‘আমাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। আমার নামে বিভিন্ন বদনাম ছড়ানো হচ্ছে এবং নানাভাবে আমাকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। আমি মানসিকভাবে এসব নিতে পারছি না। আমি এ সম্পর্কের বৈধ স্বীকৃতি চাই। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার চেয়েছি।’
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। যে অভিযোগ দিয়েছে, তাকে আমার কাছে নিয়ে আসেন। আমি এমন কিছুই করিনি। আমার নামে মিথ্যা, বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। এটা যাচাই-বাছাই করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’