বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৯ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলনে সোমবার বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। প্রবা ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের হলে সিট বাণিজ্যের অভিযোগ শুনি। ছাত্রলীগের কেউ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সম্পৃক্ত বলে খবর পাই। এগুলো ছাত্রলীগের কাজ নয়। ছাত্রলীগের দায়িত্ব সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করা।’
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ মাঠে এই সম্মেলন চলছে।
সাদ্দাম হোসেন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা অনেক ত্যাগী। এই ক্যাম্পাসে তাদের অনেক ত্যাগের ইতিহাস রয়েছে। বারবার মৌলবাদদের হামলার শিকার হয়েছেন নেতাকর্মীরা। এই ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তি ও মৌলবাদীরা যাতে কোনোভাবে সক্রিয় অবস্থান গড়তে না পারে – বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই প্রত্যাশা করি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সম্মেলনের প্রধান বক্তা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও আওয়ামী লীগের জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
সম্মেলনে বিশেষ বক্তা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন রনি, উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন এবং সহসম্পাদক আদনান হোসেন।
এর আগে সোমবার সকাল থেকে সম্মেলন্থলে জড়ো হতে থাকেন পদপ্রত্যাশীরা। তবে পদপ্রত্যাশীদের মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেশিরভাগ ছিল বহিরাগত। এমনকি স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মিছিলে দেখা গেছে।
পদপ্রত্যাশীদের মিছিলে যোগ দেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। কেউ স্কুল, কেউ কলেজ পড়ুয়া শিক্ষার্থী। আবার অনেকে ক্যাম্পাসসংলগ্ন স্থানীয় বুধপাড়া, মেহেরচন্ডী, দরগাপাড়া এলাকার বাসিন্দা। দল ভারি করতে পদপ্রত্যাশীরা তাদের নিয়ে এসেছেন।