বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৫ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে বহিগাতদের মিছিল। প্রবা ফটো
প্রায় সাড়ে ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বহুলপ্রত্যাশিত ২৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ মাঠে সম্মেলন শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১টার দিকে সম্মেলন শুরু হয়। সম্মেলনে আগত পদপ্রত্যার্শীদের মিছিলে বেশিরভাগ ছিল বহিরাগত লোক।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সরেজমিন দেখা যায়, সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলস্থলে জড়ো হতে শুরু করেন পদপ্রত্যাশীরা। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। তবে পদপ্রত্যাশীদের মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেশিরভাগ ছিল বহিরাগত। এমনকি স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মিছিলে দেখা গেছে।
পদপ্রত্যাশীদের মিছিলে যোগ দেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। কেউ স্কুল, কেউ কলেজ পড়ুয়া শিক্ষার্থী। আবার অনেকে ক্যাম্পাসসংলগ্ন স্থানীয় বুধপাড়া, মেহেরচন্ডী, দরগাপাড়া এলাকার বাসিন্দা। দল ভারি করতে পদপ্রত্যাশীরা তাদের নিয়ে এসেছেন।
সম্মেলনের প্রধান বক্তা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। সম্মানিত অতিথি থাকবেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও আওয়ামী লীগের জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
সম্মেলনে বিশেষ বক্তা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন রনি, উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন এবং সহসম্পাদক আদনান হোসেন।
রাবি শাখা ছাত্রলীগের শীর্ষ পদ পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ৯৪ প্রার্থী। পদে আসতে ক্যাম্পাসে মিটিং-মিছিলের পাশাপাশি নিয়মিত স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীদের কাছে ধরণাও দিচ্ছেন তারা।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, এই সম্মেলনে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন ও মেজবাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন ও ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব, উপধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়, কার্যনির্বাহী সদস্য আল মুক্তাদির তরঙ্গ, কর্মী অনিক মাহমুদ বনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকি, শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ, বঙ্গবন্ধু হল শাখার সভাপতি কাবিরুজ্জামান রুহুল, রহমতুন্নেছা হল শাখার সভাপতি তামান্না আকতার তন্নি, হবিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপুসহ অনেকে।
তবে নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা এসব নেতার অধিকাংশের ছাত্রত্ব শেষ হয়েছে অনেক আগেই। অনেকে হয়েছেন ড্রপ-আউট। আবার অনেকে রাজনীতিতে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর সম্মেলনকে ঘিরে সক্রিয় হয়েছেন।