প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১১ পিএম
পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত, অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের ন্যায় ১ বছরের ইন্টার্নশিপসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবি জানিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি মানা না হলে পরদিন থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রবিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা।
পরিষদের সমন্বয়ক মাহবুব তালুকদার অপ্প বলেন, বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (১৯৭৩-১৯৭৮) উচ্চ শিক্ষার কথা উল্লেখ থাকলেও স্বাধীনতার পঞ্চাশ বছরেও তা কার্যকর হয়নি। ডিপ্লোমা মেডিকেল তথ্য ডিএমএফ কোর্স সম্পূর্ণ করা প্রায় ৩০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীন, কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে শূন্য পদ তিন হাজার ৪০০। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী।
তিনি আরও বলেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বাক্ষরিত এক স্মারকে ম্যাটস নতুন কোর্স কারিকুলাম প্রদান করা হয়। কিন্তু এই কোর্স কারিকুলামের মাধ্যমে তাদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপসহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে বঞ্চিত করা হয়েছে; যা তাদের জাতীয় জীবনে দক্ষ জনবল হিসেবে গড়ে উঠতে বাধা হয়ে দাঁড়াবে।
পরিষদের সমন্বয়ক বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্বের লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড করার সিদ্ধান্ত থাকলেও গত ৭ আগস্ট সংবাদ মাধ্যমের সূত্রে আমরা লক্ষ্য করেছি ‘বাংলাদেশ অ্যালাইড হেলর শিক্ষাবোর্ড আইন-২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা; যা আমাদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’ ব্যানারে সংগঠিত হয়ে চার দফা দাবি জানিয়েছি।
তিনি আরও বলেন, দাবি আদায়ে আমরা এর আগে ক্লাস বর্জন, ছাত্র ধর্মঘট, সব সরকারি ম্যাটসের প্রশাসনিক ভবনে তালা ঝুলানো, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মুখে অবস্থান কর্মসূচি করেছি। কিন্তু এখন পর্যন্ত দাবি আদায়ে কোনো কার্যকর তৎপরতা দেখা যায়নি। তাই আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্য আমাদের দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা না গেলে পরদিন ২৫ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে কাফনের কাপড় পরে আমরণ অনশনের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।
তাদের দাবিগুলো হলো-
বঙ্গবন্ধু ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া; অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের ন্যায় ১ বছরের ইন্টার্নশিপসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা; এলাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা; এবং অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃজন করা (কমিউনিটি ক্লিনিকসহ সব সরকারি ও বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে পাসকৃত ডিএমএফদের পদ সৃষ্টি করে পদায়ন করা)।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রচার সমন্বয়ক মেহেদী হাসান, মো. মুজাহিদুল, মো. হাসিবুল ইসলাম প্রমুখ।